ডিআইজি-ডিসিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বদলি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বাংলাদেশ পুলিশ
বাংলাদেশ পুলিশ

ঢাকা মহানগর পুলিশসহ (ডিএমপি) পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও নতুন পদে পদায়ন করেছে সরকার। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি, উপপুলিশ কমিশনার (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৪ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় ২৫ নভেম্বর থেকে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য করা হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ওসমান গণিকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) কমান্ড্যান্ট করা হয়েছে। পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. মাহমুদুর রহমানকে পুলিশ স্টাফ কলেজ ঢাকায় এবং টিডিএস ঢাকার অতিরিক্ত ডিআইজি মো. মিজানুর রহমানকে পিটিসি রংপুরের অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) উপকমিশনার মোহাম্মদ মহিউল ইসলামকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বিশেষ পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। একই ইউনিটের উপকমিশনার মোহাম্মদ মহিউদ্দীন আহমেদকে রংপুর মহানগর পুলিশের (আরএমপি) উপকমিশনার করা হয়েছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার মোনালিসা বেগমকে পিটিসি রংপুরের পুলিশ সুপার করা হয়েছে। পুলিশ টেলিকম, রাজারবাগের পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহকে রেলওয়ে পুলিশের পুলিশ সুপার এবং খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপকমিশনার মেরিনা আক্তারকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া পুলিশ টেলিকম ঢাকার পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীকে খাগড়াছড়ির মহালছড়িতে ৬ এপিবিএনের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে পদায়ন করা হয়েছে। সিআইডির পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনকে জিএমপির উপকমিশনার করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপকমিশনার (সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি) শেখ শরীফুল ইসলামকে শেরপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট করা হয়েছে। সিআইডির পুলিশ সুপার (সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ নজরুল ইসলামকে নীলফামারীর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট করা হয়েছে।

পুলিশ অধিদপ্তরে সংযুক্ত (টিআর) পুলিশ সুপার মো. হুমায়ুন কবিরকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার করা হয়েছে। কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগে সংযুক্ত পুলিশ সুপার (সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে কেএমপির উপকমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, এসবির পুলিশ সুপার মো. আশ্রাফুজ্জামান এবং সিএমপির উপকমিশনার কবীর আহম্মেদকে কেএমপিতে পদায়ন করা হয়েছে। সিআইডির বিশেষ পুলিশ সুপার (সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি) মো. জাহিদুল ইসলামকে রাজশাহীর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad