জুলাইয়ে হত্যাচেষ্টা মামলায় কারাগারে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আদালতে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। ছবি: সংগৃহীত
আদালতে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। ছবি: সংগৃহীত

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের এসআই কামাল উদ্দীন এ তথ্য জানিয়েছেন।

এর আগে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসা থেকে জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) উত্তরা বিভাগের একটি দল।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির গুলশান জোনাল টিমের এসআই মুর্শিদুল আলম বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

শুনানির সময় জ্যোতিকা জ্যোতিকে এজলাসে তোলা হয়। এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে কয়েক দফা চোখের পানি মুছতে দেখা যায় তাকে। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী উপস্থিত ছিলেন। তবে তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় তাদের লক্ষ্য করে গুলি চালানো হলে এনামুল হকের পায়ে গুলি লাগে। পরে তিনি হাসপাতালে চিকিৎসা নেন।

এ ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে ঢাকার আদালতে মামলা করেন এনামুল হক।

মামলার আসামিদের তালিকায় ২১৬ নম্বরে রয়েছে জ্যোতিকা জ্যোতির নাম। অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া ও জায়েদ খানসহ মোট ১৭ জন অভিনেতা-অভিনেত্রীকেও এ মামলায় আসামি করা হয়েছে।

তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগকে অর্থের জোগান দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এই অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে অপু বিশ্বাস ও নুসরাত ফারিয়া জামিনে রয়েছেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad