অ্যামাজন-গুগল থেকে এনভিডিয়া— অ্যানথ্রপিক ঘিরে বিনিয়োগের বড় জোট

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রতীকী ছবি। এআই দিয়ে তৈরি
প্রতীকী ছবি। এআই দিয়ে তৈরি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের অন্যতম আলোচিত প্রতিষ্ঠান অ্যানথ্রপিককে ঘিরে বড় বিনিয়োগকারীদের আগ্রহ ক্রমেই বাড়ছে। অ্যামাজন, গুগল, মাইক্রোসফট, এনভিডিয়া ও এএমডির মতো প্রযুক্তি জায়ান্টের পাশাপাশি বিশ্ব জুড়ে বিভিন্ন বিনিয়োগ প্রতিষ্ঠান ও ধনকুবেররা কোম্পানিটিতে বিপুল অর্থ ঢেলেছেন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, প্রায় ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার মূল্যায়ন নিয়ে শেয়ারবাজারে অভিষেকের অপেক্ষায় রয়েছে অ্যানথ্রপিক। এ অবস্থায় প্রতিষ্ঠানটিতে বিনিয়োগকারীদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

কোম্পানিটির সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের একটি অ্যামাজন। এখন পর্যন্ত অ্যানথ্রপিকে অন্তত ১৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে তারা। গত এপ্রিলে আরও সর্বোচ্চ ২০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেয় অ্যামাজন। এর বিনিময়ে অ্যানথ্রপিক আগামী ১০ বছরে অ্যামাজনের ক্লাউড সেবায় ১০০ বিলিয়ন ডলারের বেশি ব্যয় করার প্রতিশ্রুতি দিয়েছে।

গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটও অ্যানথ্রপিকে সর্বোচ্চ ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। গত এপ্রিলে ঘোষিত প্রাথমিক বিনিয়োগের পরিমাণ ছিল ১০ বিলিয়ন ডলার। এই অংশীদারত্বের আওতায় অ্যানথ্রপিক ক্লাউড অবকাঠামো ও গুগলের তৈরি এআই চিপ ব্যবহারের সুযোগ পাচ্ছে। এসব চিপ দিয়ে তাদের ক্লড মডেল প্রশিক্ষণ ও পরিচালনা করা হয়।

আইপিওর পাশাপাশি ২৬ বিলিয়ন ডলারের একটি বেসরকারি বিনিয়োগের ব্যবস্থাও করেছে অ্যানথ্রপিক। এতে মাইক্রোসফট ১ বিলিয়ন ডলার, এনভিডিয়া ১০ বিলিয়ন, এএমডি ২ দশমিক ৫ বিলিয়ন, ব্রডকম ১ বিলিয়ন ও মাইক্রন টেকনোলজি ১ বিলিয়ন ডলার বিনিয়োগে সম্মত হয়েছে। এসব বিনিয়োগের বিনিময়ে প্রতিষ্ঠানগুলো অ্যানথ্রপিকের ভোটাধিকারহীন শেয়ার পাবে। টিএসএমসি পার্টনার্সও একই ব্যবস্থায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। মাইক্রোসফটের জন্য বিষয়টি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ তারা অ্যানথ্রপিকের প্রধান প্রতিদ্বন্দ্বী ওপেনএআইয়েরও বড় বিনিয়োগকারী।

চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর এই বিনিয়োগের পেছনে এআই অবকাঠামোর সঙ্গে সরাসরি ব্যবসায়িক স্বার্থ যুক্ত। এনভিডিয়া এআই মডেল প্রশিক্ষণ ও পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রসেসরের প্রধান সরবরাহকারী। এএমডিও একই বাজারে প্রতিদ্বন্দ্বিতা করছে। ব্রডকম অ্যানথ্রপিকের এআই অবকাঠামো সম্প্রসারণে অর্থায়ন ও যন্ত্রপাতি ইজারা দেওয়ার ব্যবস্থার সঙ্গে যুক্ত। আর মাইক্রন সরবরাহ করে এআই ডেটা সেন্টারে ব্যবহৃত উচ্চগতির মেমোরি চিপ। বিশ্বের বৃহত্তম চুক্তিভিত্তিক চিপ নির্মাতা টিএসএমসি বিভিন্ন প্রতিষ্ঠানের এআই প্রসেসর তৈরি করে।

প্রযুক্তি জায়ান্টদের পাশাপাশি অ্যানথ্রপিকের দীর্ঘদিনের বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে একাধিক ভেঞ্চার ক্যাপিটাল ও বিনিয়োগ প্রতিষ্ঠান। স্পার্ক ক্যাপিটাল ২০২৩ সালের মে মাসে কোম্পানিটির ৪৫০ মিলিয়ন ডলারের সিরিজ সি বিনিয়োগে নেতৃত্ব দেয়। প্রতিষ্ঠানটির জেনারেল পার্টনার ইয়াসমিন রাজাভি অ্যানথ্রপিকের পরিচালনা পর্ষদেও প্রতিনিধিত্ব পান। লাইটস্পিড ভেঞ্চার পার্টনার্স ২০২৫ সালের মার্চে ৩ দশমিক ৫ বিলিয়ন ডলারের সিরিজ ই এবং একই বছরের সেপ্টেম্বরে ১৩ বিলিয়ন ডলারের সিরিজ এফ বিনিয়োগে নেতৃত্ব দেয়।

ফিডেলিটি ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ সিরিজ ই ও সিরিজ এফ— দুই দফাতেই বিনিয়োগ করে। সেলসফোর্স ভেঞ্চারসও সিরিজ সি ও সিরিজ ইতে অংশ নেয়। ২০২৫ সালের সেপ্টেম্বরে ৩০ বিলিয়ন ডলারের সিরিজ জি বিনিয়োগে নেতৃত্ব দেয় সিঙ্গাপুরের সার্বভৌম সম্পদ তহবিল জিআইসি এবং আইকনিক। ওই দফায় অ্যানথ্রপিকের মূল্যায়ন দাঁড়ায় ৩৮০ বিলিয়ন ডলার।

পরে ৬৫ বিলিয়ন ডলারের সিরিজ এইচ বিনিয়োগে নেতৃত্ব দেয় কোটু ম্যানেজমেন্ট ও সেকোয়া ক্যাপিটাল। ওই দফায় কোম্পানিটির মূল্যায়ন বেড়ে ৯৬৫ বিলিয়ন ডলারে পৌঁছায়। ডি১ ক্যাপিটাল পার্টনার্স ও অল্টিমিটার ক্যাপিটালও একাধিক বড় বিনিয়োগ পর্বে অংশ নিয়েছে।

ব্যক্তিগত বিনিয়োগকারীদের মধ্যে রয়েছেন স্কাইপের সহপ্রতিষ্ঠাতা জান তালিন ও গুগলের সাবেক প্রধান নির্বাহী এরিক স্মিট। ২০২১ সালে অ্যানথ্রপিকের প্রথম প্রাতিষ্ঠানিক বিনিয়োগ, ১২৪ মিলিয়ন ডলারের সিরিজ এ তহবিলে নেতৃত্ব দেন তালিন। স্মিটও ব্যক্তিগতভাবে কোম্পানিটিতে বিনিয়োগ করেছেন।

এ ছাড়া মেনলো ভেঞ্চারস ২০২৩ সালে সিরিজ সি বিনিয়োগের মাধ্যমে অ্যানথ্রপিকে প্রথম অর্থ ঢালে। ২০২৪ সালে ১৮ দশমিক ৪ বিলিয়ন ডলার মূল্যায়নে সিরিজ ডি বিনিয়োগে নেতৃত্ব দেয় প্রতিষ্ঠানটি। পরে ৬১ দশমিক ৫ বিলিয়ন ডলার মূল্যায়নে সিরিজ ই তহবিল সংগ্রহেও অংশ নেয়।

এত বড় বিনিয়োগের পরও অ্যানথ্রপিকের আইপিও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। এআই খাতে বিপুল অর্থ ঢালার বিপরীতে বাস্তবে কতটা মুনাফা আসবে, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে প্রশ্ন বাড়ছে। ফলে শেয়ারবাজারে কোম্পানিটির অভিষেক শুধু অ্যানথ্রপিকের ভবিষ্যৎ নয়, পুরো এআই শিল্পের বিনিয়োগ-আস্থারও একটি বড় পরীক্ষা হতে যাচ্ছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad