১.৪ ট্রিলিয়ন ডলার মূল্যায়নে শেয়ারবাজারে আসছে অ্যানথ্রপিক

ডেস্ক, রাজনীতি ডটকম
শীর্ষ এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের লোগো। ছবি: সংগৃহীত
শীর্ষ এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের লোগো। ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রপিক শেয়ারবাজারে আসার প্রস্তুতি নিচ্ছে প্রায় ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার মূল্যায়ন নিয়ে। কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও থেকে সর্বোচ্চ ৬৪ দশমিক ৪ বিলিয়ন ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর পাশাপাশি গুগল, এনভিডিয়া ও এএমডিসহ বড় বিনিয়োগকারীদের কাছ থেকে পৃথকভাবে আরও ২৬ বিলিয়ন ডলার সংগ্রহ করবে প্রতিষ্ঠানটি। সব মিলিয়ে শেয়ার বিক্রি ও কৌশলগত বিনিয়োগ থেকে সর্বোচ্চ ৯০ দশমিক ৪ বিলিয়ন ডলার তোলার পরিকল্পনা রয়েছে তাদের।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এআই চ্যাটবট ক্লডের নির্মাতা অ্যানথ্রপিকের এই আইপিওকে প্রযুক্তি খাতের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। কয়েক বছর ধরে এআই প্রযুক্তি ঘিরে বিপুল বিনিয়োগ ও বাজারমূল্য বৃদ্ধির পর এখন বিনিয়োগকারীদের মধ্যে প্রশ্ন উঠছে, এই খাতে ব্যয়ের তুলনায় আয় কতটা বাড়বে। ফলে অ্যানথ্রপিকের শেয়ার বিক্রির সাফল্য এআই খাতে ওয়াল স্ট্রিটের আস্থার একটি গুরুত্বপূর্ণ নির্দেশক হতে পারে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) জমা দেওয়া হালনাগাদ প্রসপেক্টাস অনুযায়ী, কোম্পানিটি ৮২ কোটি ৫০ লাখ শেয়ার প্রতিটি ৭০ থেকে ৭৮ ডলার দামে বিক্রি করতে চায়। সর্বোচ্চ দাম ধরে শেয়ার বিক্রি হলে আইপিও থেকে ৬৪ দশমিক ৪ বিলিয়ন ডলার আসবে। স্টক অপশন ও সীমাবদ্ধ শেয়ারের মতো সম্ভাব্য শেয়ারও হিসাবের মধ্যে ধরলে কোম্পানিটির মূল্যায়ন দাঁড়াবে প্রায় ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার। এসব অতিরিক্ত শেয়ার বাদ দিলে মূল্যায়ন হবে প্রায় ১ ট্রিলিয়ন ডলার।

প্রত্যাশার চেয়ে কম মূল্যায়ন

অ্যানথ্রপিকের সম্ভাব্য আইপিও মূল্যায়ন নিয়ে আগে অবশ্য বিনিয়োগকারীদের মধ্যে ২ ট্রিলিয়ন ডলার পর্যন্ত আলোচনা হয়েছিল। ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারকে সম্ভাব্য উচ্চসীমা হিসেবেও দেখা হচ্ছিল। কিন্তু এআই খাতের শেয়ারে অস্থিরতা, বিপুল অবকাঠামো ব্যয় এবং বিনিয়োগের মুনাফা নিয়ে সংশয় তৈরি হওয়ায় প্রত্যাশিত মূল্যায়ন কমেছে।

আইপিও বুটিকের জ্যেষ্ঠ গবেষণা বিশ্লেষক জেফ জেল বলেন, বাজারের প্রত্যাশার তুলনায় প্রায় ২০ শতাংশ কম মূল্যায়নে শেয়ার ছাড়ার পরিকল্পনা বিনিয়োগকারীদের জন্য দর বাড়ানোর সুযোগ তৈরি করবে। এতে স্পেসএক্সের মতো নির্ধারিত উচ্চ মূল্যায়নে শেয়ার কিনতে বাধ্য হওয়ার পরিস্থিতি এড়ানো সম্ভব হবে।

রয়টার্সের দেখা ইমেইল অনুযায়ী, সোমবার রাতে বিনিয়োগ ব্যাংকগুলোর কাছে অ্যানথ্রপিকের আইপিওর প্রাথমিক শর্তাবলি পাঠানো হয়েছিল। সেখানে সর্বোচ্চ ৬৯ দশমিক ৩ বিলিয়ন ডলার সংগ্রহের পরিকল্পনা ছিল। পরে তা প্রত্যাহার করে মঙ্গলবার হালনাগাদ প্রসপেক্টাসে শেয়ারের দাম ও সংগ্রহের লক্ষ্যমাত্রা কমানো হয়।

উচ্চ সুদের হার, ভূরাজনৈতিক অস্থিরতা এবং বন্ডের উচ্চ মুনাফার কারণে যুক্তরাষ্ট্রের আইপিও বাজারও চাপের মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে অ্যানথ্রপিকের শেয়ার বিক্রির সময় ও মূল্য নির্ধারণকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বাজার বিশ্লেষকেরা।

বিপুল আয়, কিন্তু অবকাঠামো ব্যয়ও বিশাল

অ্যানথ্রপিকের দ্রুত ব্যবসায়িক প্রবৃদ্ধি বিনিয়োগকারীদের আগ্রহের অন্যতম কারণ। আইপিও প্রসপেক্টাস অনুযায়ী, গত ৩১ অক্টোবর পর্যন্ত কোম্পানিটির বার্ষিকীকৃত আয় বা রান-রেট রেভিনিউ প্রায় ৮১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ৩০ সেপ্টেম্বর এই অঙ্ক ছিল প্রায় ৭১ বিলিয়ন ডলার। অর্থাৎ এক মাসে বার্ষিকীকৃত আয়ের হিসাবে প্রায় ১০ বিলিয়ন ডলার বেড়েছে।

তবে এই প্রবৃদ্ধি ধরে রাখতে বিপুল কম্পিউটিং সক্ষমতা নিশ্চিত করতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। অ্যামাজন ও গুগলসহ বিভিন্ন অংশীদারের সঙ্গে অ্যানথ্রপিকের প্রায় ৯০০ বিলিয়ন ডলারের কম্পিউটিং সক্ষমতা ব্যবহারের প্রতিশ্রুতি রয়েছে। অর্থাৎ ভবিষ্যতে এআই মডেল পরিচালনা ও উন্নয়নের জন্য প্রয়োজনীয় ডেটা সেন্টার, প্রসেসিং ক্ষমতা এবং অন্যান্য অবকাঠামো নিশ্চিত করতে প্রতিষ্ঠানটিকে দীর্ঘমেয়াদি বড় অঙ্কের ব্যয় বহন করতে হবে।

এআই খাতে বিনিয়োগের বিপরীতে কত দ্রুত আয় আসবে, তা নিয়েও সংশয় বাড়ছে। বিশেষ করে এক প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠানে বিনিয়োগ করছে, আবার সেই বিনিয়োগের অর্থ দিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রযুক্তি ও অবকাঠামো কেনার মতো চক্রাকার অর্থায়নব্যবস্থা কতটা টেকসই, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ ছাড়া এআই প্রযুক্তির নিরাপত্তা, নিয়ন্ত্রণ এবং সম্ভাব্য ক্ষতিকর ব্যবহারের ঝুঁকিও প্রসপেক্টাসে উল্লেখ করেছে অ্যানথ্রপিক। প্রতিযোগীরা দ্রুত উন্নত মডেল তৈরি করতে পারলে প্রতিষ্ঠানটি পিছিয়ে পড়তে পারে। আবার এআই প্রযুক্তির অগ্রগতি নিরাপত্তাব্যবস্থা তৈরির গতিকে ছাড়িয়ে যাওয়ার ঝুঁকিও রয়েছে।

গুগল-এনভিডিয়াসহ বড় বিনিয়োগকারীরা

আইপিওর বাইরে ২৬ বিলিয়ন ডলারের পৃথক বিনিয়োগ সংগ্রহের পরিকল্পনায় রয়েছে গুগল, এনভিডিয়া ও এএমডি। কৌশলগত বিনিয়োগকারীদের তালিকায় আরও রয়েছে ব্রডকম, মাইক্রন টেকনোলজি, মাইক্রোসফট ও তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)। অ্যানথ্রপিকের পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্য এবং তাঁদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানও সর্বোচ্চ ৩০৩ মিলিয়ন ডলারের শেয়ার কিনতে পারে।

এদিকে এনভিডিয়ার বিনিয়োগ যুক্ত হওয়ার বিষয়টি এসেছে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে ঘিরে চীনা গোয়েন্দা সংযোগের অভিযোগে এফবিআইয়ের তদন্ত এবং এনভিডিয়ার নিজস্ব তদন্ত চলার মধ্যেই।

অ্যানথ্রপিকের আইপিওর দিকে নজর রয়েছে প্রতিদ্বন্দ্বী ওপেনএআইয়েরও। আগামী বছরের শুরুতে সম্ভাব্য আইপিওর আগে ব্যক্তিগত অর্থায়নের শেষ বড় দফায় ৩০ বিলিয়ন ডলার সংগ্রহের পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। ফলে অ্যানথ্রপিকের শেয়ার বিক্রিতে বিনিয়োগকারীদের সাড়া ওপেনএআইয়ের সম্ভাব্য বাজারমূল্য ও অর্থায়ন পরিকল্পনার জন্যও গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিতে পারে।

২০২১ সালে প্রতিষ্ঠিত অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা দারিও আমোদেই। সর্বশেষ ব্যক্তিগত অর্থায়ন পর্বে প্রতিষ্ঠানটির মূল্যায়ন ছিল ৯৬৫ বিলিয়ন ডলার। এবার শেয়ারবাজারে আসার মাধ্যমে সেই মূল্যায়ন আরও বাড়ানোর লক্ষ্য তাদের। গোল্ডম্যান স্যাকস ও মরগ্যান স্ট্যানলি আইপিওর প্রধান ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে। নাসডাকে 'ANT' প্রতীকে লেনদেন হওয়ার কথা অ্যানথ্রপিকের শেয়ারের।

অ্যানথ্রপিকের এই আইপিও তাই শুধু একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ার বিক্রির ঘটনা নয়। বিপুল কম্পিউটিং ব্যয়, ঋণের চাপ, এআই বিনিয়োগের প্রকৃত মুনাফা এবং প্রযুক্তিটির ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে সংশয়ের মধ্যে বিনিয়োগকারীরা কতটা অর্থ দিতে প্রস্তুত, তারও পরীক্ষা হতে যাচ্ছে এটি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad