অযৌক্তিক মজুরি ঘোষণার প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে— অভিযোগ বিজিএমইএ সভাপতির

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ২১: ৪১
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। ছবি: সংগৃহীত
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। ছবি: সংগৃহীত

অরাজক পরিস্থিতি তৈরি করে মালিকপক্ষকে চাপের মুখে ফেলে অযৌক্তিক মজুরি ঘোষণার প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান।

তিনি বলেন, মজুরি বোর্ড গঠনের পরও কারখানায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। অথচ বাড়তি মজুরি কবে থেকে কার্যকর হবে, তা বোর্ডের প্রথম সভাতেই জানানো হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে তৈরি পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর যৌথ সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মাহমুদ হাসান খান।

রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, সহসভাপতি অমল পোদ্দার এবং বিজিএমইএর সহসভাপতি রেজওয়ান সেলিম ও মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

মাহমুদ হাসান খান বলেন, ‘মজুরি বোর্ড গঠিত হয়েছে ১ নভেম্বর। বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে অক্টোবরের শেষ সপ্তাহ থেকে। গত মাসে যা হয়েছে সেটিকে যদি আমরা যৌক্তিক বলি, তাহলে বর্তমানে যা চলছে তা কোনোভাবেই যৌক্তিক নয়। মজুরি বোর্ড গঠিত হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘সবচেয়ে জরুরি বিষয়— কবে থেকে বাড়তি মজুরি কার্যকর হবে, তা বোর্ডের প্রথম সভাতেই ঘোষণা করা হয়েছে। তারপরও এটা নিয়ে অরাজক পরিস্থিতি তৈরি করা মানে হচ্ছে আমাদের চাপের মুখে একটি অযৌক্তিক মজুরি ঘোষণার প্রেক্ষাপট তৈরি করা।’

চলমান শ্রম অসন্তোষের কারণে সাভার-আশুলিয়া ও গাজীপুরের ১৪৭টি কারখানায় উৎপাদন কার্যক্রম সচল রাখা যাচ্ছে না বলে জানান বিজিএমইএ সভাপতি। লিখিত বক্তব্যে তিনি বলেন, সামগ্রিক নিরাপত্তা ও উৎপাদনের অনুকূল পরিবেশ না থাকায় এসব কারখানা চালু রাখা সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতি অব্যাহত থাকলে আগামীকাল থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ রাখতে বাধ্য হবেন মালিকরা।

তিনি জানান, আজ শনিবার সাভার-আশুলিয়া ও গাজীপুরের ৫৫টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল। এ ছাড়া ৯২টি কারখানা উৎপাদন চালানোর চেষ্টা করেও পারেনি। পরে সেগুলোতে ছুটি ঘোষণা করতে হয়েছে।

কারখানা বন্ধের বিষয়ে এক প্রশ্নের জবাবে মাহমুদ হাসান খান বলেন, ‘শ্রম আইন অনুযায়ী, যেসব কারখানার কার্যক্রম চলমান আছে এবং নিয়মিত উৎপাদন চালাতে পারছে, তাদের ১৩ (১) ধারায় কারখানার বন্ধ করার কোনো বিধান নেই। তবে যারা চালাতে পারছেন না, এটা অঞ্চলভেদে যেকোনো জায়গাতেই হোক না কেন, তাদের সেই অধিকার আছে।’

বিজিএমইএ ও বিকেএমইএর অনুরোধে মালিকরা এতদিন কারখানা চালু রাখার চেষ্টা করেছেন উল্লেখ করে তিনি বলেন, প্রতিদিন সকালে উৎপাদন শুরু করলেও এক ঘণ্টার বেশি তা চালানো সম্ভব হয়নি। এ কারণে আইন অনুযায়ী কারখানা বন্ধ রাখার অধিকার মালিকদের রয়েছে।

কারা অরাজকতা করছেন, তা বিজিএমইএর পক্ষে চিহ্নিত করা সম্ভব নয় বলেও জানান সংগঠনটির সভাপতি। তিনি বলেন, বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। যারা এসব ঘটনা ঘটাচ্ছে, তারা ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে এসেছে।

এর আগে সকালে বিজিএমইএ কার্যালয়ের মিলনায়তনে দুই সংগঠনের সদস্যদের যৌথ মতবিনিময় সভা হয়। এতে এক হাজারের বেশি তৈরি পোশাক কারখানার মালিক অংশ নেন। সভায় মালিকরা কারখানায় ভাঙচুর ও সড়ক অবরোধের মধ্যে মজুরি বোর্ডের আলোচনা চালিয়ে যাওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন বলে জানান মাহমুদ হাসান খান।

তিনি বলেন, ‘তারা একটি কথা জোর দিয়ে বলেছেন, কারখানায় ভাঙচুর চলবে, রাস্তাঘাট অবরোধ করবে, একই সময়ে মজুরি বোর্ডে আলোচনা করার যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ। তবে সমাজের দায়িত্বশীল অংশ হিসেবে আমরা ১৬ নভেম্বরের (সোমবার) মজুরি বোর্ডের তৃতীয় সভায় অংশ নেব। আমরা আশা করব, আগামী ১-২ দিনে পরিস্থিতির উন্নয়ন ঘটবে। এরপরও যদি চলে তাহলে আমরা আবার বসে সিদ্ধান্ত নেব।’

শ্রমিক সংগঠনগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিজিএমইএ সভাপতি। তার অভিযোগ, বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রমিক সংগঠনগুলোর কার্যকর ভূমিকা দেখা যায়নি। মাঠপর্যায়ের অনেক নেতাকর্মী ও শ্রমিক প্রতিনিধি সাধারণ কর্মীদের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারছেন না। এতে পরিস্থিতি আরও জটিল হচ্ছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad