৮২ মাসে সড়কে ৪৫ হাজারের বেশি প্রাণহানি, ‘নিশ্চিহ্ন’ ৩০০ পরিবার

দেশে গত ৮২ মাসে সড়ক দুর্ঘটনায় ৪৫ হাজার ২৫২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের একাধিক সদস্য। রোড সেফটি ফাউন্ডেশনের (আরএসএফ) এক বিশ্লেষণ অনুযায়ী, ২০২০ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০টি পরিবার ‘পুরোপুরি নিশ্চিহ্ন’ হয়ে গেছে।
আরএসএফের হিসাবে, ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত ছয় বছরে দেশে ৩৮ হাজার ৩৫৭টি সড়ক দুর্ঘটনায় ৪০ হাজার ৬০৫ জন নিহত এবং ৬৭ হাজার ৩৬৪ জন আহত হয়েছেন। এর সঙ্গে ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ৫ হাজার ৯৩টি দুর্ঘটনায় আরও ৪ হাজার ৬৪৭ জনের মৃত্যু যোগ হয়েছে।
আরএসএফের নির্বাহী পরিচালক সাইদুর রহমান রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে বলেন, ‘পরিসংখ্যানে দেখা যাচ্ছে, সড়ক দুর্ঘটনায় প্রাণহানির মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে এবং একসঙ্গে ভ্রমণরত পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ঘটনাও আশঙ্কাজনকভাবে বাড়ছে।’
সংস্থাটির পরিবারভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ছয় বছর ১০ মাসে মোটরসাইকেল, অটোরিকশা, মাইক্রোবাস, প্রাইভেট কার, অ্যাম্বুলেন্স, বাস ও পিকআপ ভ্যানের দুর্ঘটনায় একই পরিবারের একাধিক সদস্যের প্রাণহানি ঘটেছে। নয়টি জাতীয় দৈনিক, ১৭টি অনলাইন নিউজ পোর্টাল, ইলেকট্রনিক গণমাধ্যম এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে এ বিশ্লেষণ তৈরি করেছে আরএসএফ।
পরিবারের সদস্যদের একসঙ্গে প্রাণহানির ঘটনায় সবচেয়ে বেশি ভয়াবহতা দেখা গেছে অটোরিকশা দুর্ঘটনায়। এ ধরনের ৫২৫টি দুর্ঘটনায় একই পরিবারের ১ হাজার ৭২৮ জন মারা গেছেন। এর মধ্যে ২১১টি ঘটনায় পরিবারের দুজন, ১১৮টিতে তিনজন, ৯২টিতে চারজন, ৫৩টিতে পাঁচজন, ৩৮টিতে ছয়জন এবং ১৩টিতে সাতজন সদস্য প্রাণ হারান।
মোটরসাইকেল দুর্ঘটনায় ১৯৩টি ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৩৮৬ জন এবং আরও ১৫৯টি ঘটনায় বাবা ও সন্তানসহ ৩১৮ জন নিহত হয়েছেন। মাইক্রোবাস দুর্ঘটনার ১৮৬টি ঘটনায় একই পরিবারের একাধিক সদস্যসহ প্রাণ হারিয়েছেন ৭০৮ জন। এর মধ্যে চারটি দুর্ঘটনায় একই পরিবারের ১১ জন করে এবং অন্য একটি ঘটনায় ১৪ জন নিহত হন।
এ ছাড়া প্রাইভেট কারের ১০৮টি দুর্ঘটনায় একই পরিবারের একাধিক সদস্যসহ ৩৫২ জন, ৪৫টি অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ১৬২ জন এবং ৩২টি বাস দুর্ঘটনায় ৮৫ জন প্রাণ হারিয়েছেন। একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে একই পরিবারের চার সদস্যের মৃত্যু হয়।
৮২ মাসে দুর্ঘটনা ও প্রাণহানির পরিসংখ্যান
আরএসএফের বার্ষিক পরিসংখ্যানে দেখা যায়, ২০২০ সালে ৪ হাজার ৭৩৫টি সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ৪৩১ জন নিহত ও ৭ হাজার ৩৭৯ জন আহত হন। পরের বছর ৫ হাজার ৩৭১টি দুর্ঘটনায় প্রাণ হারান ৬ হাজার ২৮৪ জন, আহত হন ৭ হাজার ৪৬৮ জন।
২০২২ সালে দুর্ঘটনার সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬ হাজার ৮২৯টিতে। এসব ঘটনায় ৭ হাজার ৭১৩ জন নিহত এবং ১২ হাজার ৬১৫ জন আহত হন। ২০২৩ সালে ৬ হাজার ৯১১টি দুর্ঘটনায় ৬ হাজার ৫২৪ জনের মৃত্যু হয়, আহত হন ১১ হাজার ৪০৭ জন। ২০২৪ সালে ৬ হাজার ৯২৭টি দুর্ঘটনায় প্রাণ হারান ৭ হাজার ২৯৪ জন এবং আহত হন ১২ হাজার ১৯ জন।
২০২৫ সালে দুর্ঘটনা ও আহতের সংখ্যা ছিল ছয় বছরের মধ্যে সর্বোচ্চ। ওই বছর ৭ হাজার ৫৮৪টি দুর্ঘটনায় ৭ হাজার ৩৫৯ জন নিহত এবং ১৬ হাজার ৪৭৬ জন আহত হন।
চলতি বছরের প্রথম ১০ মাসের মধ্যে মে মাসে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে। ওই মাসে ৬১৪টি দুর্ঘটনায় ৫৯৮ জন মারা যান। এ ছাড়া মার্চে ৫৭৬টি দুর্ঘটনায় ৫৩২ জন এবং জানুয়ারিতে ৫৫৯টি দুর্ঘটনায় ৪৮৭ জনের মৃত্যু হয়।
দুর্ঘটনার কারণ ও সুপারিশ
সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে অতিরিক্ত গতি ও বেপরোয়া গাড়ি চালানোকে চিহ্নিত করেছে আরএসএফ। পাশাপাশি ত্রুটিপূর্ণ যানবাহন, দুর্বল সড়ক অবকাঠামো, চালকদের দক্ষতার ঘাটতি, শারীরিক ও মানসিক ক্লান্তি এবং অনিয়ন্ত্রিত কর্মঘণ্টাকেও দায়ী করেছে সংস্থাটি।
এ ছাড়া মহাসড়কে ধীরগতির যানবাহন চলাচল, বেপরোয়া মোটরসাইকেল চালানো, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, আইন লঙ্ঘন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রাতিষ্ঠানিক সক্ষমতার ঘাটতি এবং গণপরিবহন খাতে চাঁদাবাজিকেও দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
আরএসএফের পর্যবেক্ষণ অনুযায়ী, অনেক বাস ও পণ্যবাহী যানবাহনের চালক নির্দিষ্ট কর্মঘণ্টা ও পর্যাপ্ত বেতন ছাড়াই কাজ করেন। এতে তারা শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েন, যা বেপরোয়া গাড়ি চালানোর ঝুঁকি বাড়ায়।
দুর্ঘটনা কমাতে চালকদের পেশাদার প্রশিক্ষণ বাড়ানো, কর্মঘণ্টা নির্ধারণ, বিআরটিএর সক্ষমতা বৃদ্ধি এবং পরিবহন মালিক, শ্রমিক, যাত্রী ও পথচারীদের জন্য ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগের সুপারিশ করেছে সংস্থাটি। পাশাপাশি ধীরগতির যানবাহনের জন্য সার্ভিস রোড নির্মাণ, মহাসড়কে পর্যায়ক্রমে সড়ক বিভাজক তৈরি এবং গণপরিবহন খাতে চাঁদাবাজি বন্ধের আহ্বান জানিয়েছে।
সড়কের ওপর চাপ কমাতে রেল ও নৌপথের সেবার মান বাড়ানো এবং সড়ক পরিবহন আইন-২০১৮ কার্যকর করার ওপরও জোর দিয়েছে আরএসএফ। অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ ও পথচারীদের নিরাপত্তায় প্রযুক্তিনির্ভর যানবাহন নজরদারি, জনসচেতনতামূলক প্রচারণা এবং সড়ক নিরাপত্তা শিক্ষা জোরদারের পরামর্শ দিয়েছে সংস্থাটি।
সড়ক পরিবহন খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে শ্রমিকদের পেশাগত সুযোগ-সুবিধা বাড়ানো এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর ব্যবস্থাপনা ও কাঠামোগত সংস্কার জরুরি বলেও মনে করে আরএসএফ। সংস্থাটির মতে, সড়কে প্রাণহানি ঠেকাতে সরকার, পরিবহন কর্তৃপক্ষ, মালিক, চালক ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
নতুন সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের উদ্যোগ
এদিকে ২০২৭ সালের মধ্যে একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের ঘোষণা দিয়েছে সরকার। গত জুলাইয়ে সড়ক নিরাপত্তা উন্নয়নবিষয়ক জাতিসংঘের উচ্চপর্যায়ের এক বৈঠকে বক্তব্য দেওয়ার সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও আহতের সংখ্যা ৫০ শতাংশ কমানোর সরকারি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
প্রস্তাবিত সড়ক নিরাপত্তা আইন-২০২৬-এর খসড়ায় দুর্ঘটনায় আহত ব্যক্তিদের বিনা মূল্যে জরুরি চিকিৎসা নিশ্চিত করার বিধান রাখা হয়েছে। পাশাপাশি বিপদে পড়া অপরিচিত ব্যক্তিকে সহায়তাকারীদের আইনি সুরক্ষা, ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য ডিমেরিট পয়েন্ট ব্যবস্থা এবং একই অপরাধ বারবার করলে দ্বিগুণ শাস্তির প্রস্তাব রয়েছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ (আরটিএইচডি) প্রণীত খসড়া আইনের লক্ষ্য হলো দুর্ঘটনা প্রতিরোধ, ঝুঁকিপূর্ণ সড়ক ব্যবহারকারীদের সুরক্ষা, যানবাহন ও অবকাঠামোর নিরাপত্তা বাড়ানো এবং দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা। বাসস।




-1c8763.jpg)











-96694c.jpg)