ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ জন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গুতে আক্রান্ত রোগীরা। ফাইল ছবি
হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গুতে আক্রান্ত রোগীরা। ফাইল ছবি

দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৭৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪৯১ জনের মৃত্যু হয়েছে। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৬০ হাজার।

শনিবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এসব তথ্য জানানো হয়। বুলেটিনের হিসাব অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীরা ভর্তি হয়েছেন। এ সময়ে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে এসেছেন ঢাকা বিভাগ থেকে। বিভাগটিতে নতুন করে ভর্তি হয়েছেন ৭১৪ জন।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩১১ জন, বরিশালে ২১৩ জন এবং খুলনায় ১৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া রাজশাহীতে ১১৫ জন, রংপুরে ৬০ জন, ময়মনসিংহে ৫০ জন এবং সিলেট বিভাগে ১৩ জন ভর্তি হয়েছেন। সব মিলিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬০ হাজার ৫৫৭ জনে। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৪ হাজার ১৫১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের নভেম্বরের প্রথম ১৩ দিনে ডেঙ্গুতে ৭২ জনের মৃত্যু হয়েছে। এর আগে অক্টোবরে ১৭৪ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছিল। সব মিলিয়ে এ বছর মৃত্যুর সংখ্যা ৪৯১ জনে পৌঁছেছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad