জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড আইসিটি প্রশিক্ষণ পেলেন ৯০ কোর ট্রেইনার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড আইসিটি প্রশিক্ষণ পেলেন ৯০ কোর ট্রেইনার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর প্রায় ১২ হাজার শিক্ষককে অ্যাপ্লাইড আইসিটি বিষয়ে প্রশিক্ষণ দিতে ৯০ জন কোর ট্রেইনারের পাঁচ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ শেষ হয়েছে। প্রশিক্ষণ শেষে শনিবার (১৪ নভেম্বর) গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের সিনেট হলে তাঁদের সনদ দেওয়া হয়। ‘কোর ট্রেইনার ট্রেনিং অন অ্যাপ্লাইড আইসিটি’ শীর্ষক এ প্রশিক্ষণ শুরু হয়েছিল গত ১০ নভেম্বর।

এর আগে সাত দিনব্যাপী অনলাইন প্রশিক্ষণ ও যাচাই-বাছাই শেষে সনদপ্রাপ্তির ভিত্তিতে ৯০ জন শিক্ষককে আবাসিক প্রশিক্ষণের জন্য মনোনীত করা হয়। পাঁচ দিনের প্রশিক্ষণে অ্যাপ্লাইড আইসিটির রিসোর্স বুক ও কোর্স আউটলাইন অনুসারে প্রতিদিন চারটি করে সেশনে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণার্থীদের অগ্রগতি যাচাইয়ে প্রি-টেস্ট, পোস্ট-টেস্ট, সিমুলেশন ও মূল্যায়নের ব্যবস্থা রাখা হয়েছিল। কারিকুলাম উন্নয়নের সঙ্গে যুক্ত ডোমেইন ও পেডাগোজি বিশেষজ্ঞরা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘পাঁচ দিনব্যাপী স্বল্প সময়ের প্রশিক্ষণ শেষে আপনাদের মূল যাত্রা শুরু হলো। প্রায় ৪০ লাখ শিক্ষার্থীর দক্ষতা উন্নয়নের দায়িত্ব আপনাদের কাঁধে। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে পারলেই আমাদের উদ্দেশ্য সফল হবে।’ তিনি জানান, শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম ও সিলেবাস আধুনিকায়ন করা হচ্ছে। অনার্স প্রথম বর্ষে আইসিটি-১ চালু হয়েছে, যেখানে চার লাখ শিক্ষার্থী পড়াশোনা করছে।

উপাচার্য বলেন, এনএসডিএ, এটুআই ও ইউনিসেফের সহযোগিতায় অ্যাপ্লাইড আইসিটির সিলেবাস তৈরি করা হয়েছে। শিল্পখাত ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ এবং শ্রমবাজারের চাহিদা বিবেচনায় নিয়ে এটি প্রণয়ন করা হয়। এতে আইসিটি মন্ত্রণালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের বিশেষজ্ঞরা যুক্ত ছিলেন। নতুন কারিকুলাম বাস্তবায়নে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় নির্বাচিত ৯০ জন কোর ট্রেইনারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ৯০০ জন মাস্টার ট্রেইনার তাঁদের মাধ্যমে দেশের বিভিন্ন বিভাগ ও জেলা পর্যায়ে অধিভুক্ত কলেজের প্রায় ১২ হাজার শিক্ষককে আইসিটি বিষয়ে প্রশিক্ষণ দেবেন। বিজ্ঞান ও আইসিটি বিষয়ে দক্ষ শিক্ষকের ঘাটতি কাটাতেও এ উদ্যোগ ভূমিকা রাখবে।

ড. আমানুল্লাহ আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় বর্তমানে বড় ধরনের সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে যাচ্ছে। ১৯৯২ সালে মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়কে সেই লক্ষ্যের দিকে এগিয়ে নিতে কাজ চলছে। শিক্ষার্থীদের শুধু সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে দক্ষতাভিত্তিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা এ সংস্কারের অন্যতম উদ্দেশ্য। এ উদ্যোগে সহযোগিতার জন্য ইউনিসেফ, এনএসডিএ, শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অংশীজনদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. সরদার মো. কেরামত আলী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক ড. সাদিয়া শারমিন। স্বাগত বক্তব্য দেন শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক সালমা পারভীন। এ ছাড়া উপস্থিত ছিলেন স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. ফকির রফিকুল আলম, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. আশেক কবির চৌধুরী এবং ইউনিসেফ বাংলাদেশের প্রোগ্রাম স্পেশালিস্ট ফাহমিদা শবনম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষক মো. খালিদ হাসান। এ সময় বিভিন্ন কলেজের কোর ট্রেইনার এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad