শ্রমিক অসন্তোষ: অনির্দিষ্টকালের জন্য বন্ধ ১৪৭ পোশাক কারখানা

শ্রমিক অসন্তোষ ও কারখানায় বিশৃঙ্খলা অব্যাহত থাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৭টি তৈরি পোশাক কারখানা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মালিকপক্ষ। একই সঙ্গে শিল্পাঞ্চলের পরিস্থিতির উন্নতি না হলে নিম্নতম মজুরি বোর্ডের আলোচনা বর্জনের হুমকি দিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে কারখানার নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত স্বাভাবিক কার্যক্রম চালানো কঠিন।
শনিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএর কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে কারখানা বন্ধের ঘোষণা দেন মাহমুদ হাসান খান। এর আগে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) সদস্যদের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ নেতারা। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মজুরির আলোচনা, একই সঙ্গে কারখানায় ভাঙচুর ও বিশৃঙ্খলা—এ দুটি একসঙ্গে চলতে পারে না।’
বিজিএমইএ সভাপতি দাবি করেন, সিংহভাগ শ্রমিক ও মালিক কাজে যোগ দিতে প্রস্তুত থাকলেও কিছু বিপথগামী শ্রমিক নিয়মিত বিশৃঙ্খলা করছেন। তার ভাষ্য, ‘তারা নিজেরা কাজ করছেন না, অন্যদেরও কাজে যোগ দিতে দিচ্ছেন না। তারা হাজিরা কার্ড পাঞ্চ করে কারখানা থেকে বের হয়ে যাচ্ছেন এবং দলবদ্ধভাবে অন্য কারখানার শ্রমিকদেরও বের করে নিয়ে আসছেন। এর ফলে ১৪৭টি কারখানা বন্ধ রাখতে বাধ্য হচ্ছি।’ তিনি আরও বলেন, উৎপাদন ব্যাহত হওয়া আশুলিয়া, সাভার ও গাজীপুরের কারখানাগুলো বন্ধ থাকবে।
শ্রমিক ফেডারেশনগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মাহমুদ হাসান খান। তিনি বলেন, ‘এই সংকট উত্তরণে শ্রমিক ফেডারেশনগুলোর ভূমিকা যথাযথ ছিল না। তারা মাঠপর্যায়ের শ্রমিকদের নিয়ন্ত্রণ করতে পারছে না। এই মুহূর্ত থেকে কারখানার নিরাপত্তা নিশ্চিত করা না হলে মজুরি বোর্ডে প্রতিনিধিত্ব করা সমীচীন হবে না বলে মালিকরা জানিয়েছেন।’ তাঁর মতে, বর্তমান পরিস্থিতিতে বিজিএমইএ ও বিকেএমইএর পক্ষে নিম্নতম মজুরি বোর্ডে অংশ নিয়ে স্বাভাবিক কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়। এ সময় তিনি আশা প্রকাশ করেন, সরকার দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করবে।
তৈরি পোশাকশ্রমিকদের আন্দোলনের মুখে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে। গত সোমবার বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের লিখিত প্রস্তাব দেন। তবে বোর্ডের কার্যক্রম চললেও শিল্পাঞ্চলে উত্তেজনা কমেনি। বিজিএমইএর সর্বশেষ হিসাব অনুযায়ী, গত বুধবার সাভার, আশুলিয়া ও গাজীপুরের ১৫৬টি কারখানায় উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হয়। এর মধ্যে সাভার-আশুলিয়ার ১৪০টি কারখানা ক্ষতিগ্রস্ত হয়। একই দিন ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ ও ছাঁটাই বন্ধের দাবিতে শ্রমিকেরা দফায় দফায় বিক্ষোভ করেন। মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ সময় পুলিশ টিয়ার গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। ফলে শিল্পাঞ্চলজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।














