আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আংশিকভাবে চালু করার পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিক পর্যায়ে দুটি আগমনী ও দুটি বহির্গামী ফ্লাইট পরিচালনার মাধ্যমে কার্যক্রম শুরু হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চারটি ফ্লাইট দিয়ে টার্মিনালটির কার্যক্রম চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
শনিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় মন্ত্রী এ তথ্য জানান। পরে বেবিচকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভার বিভিন্ন সিদ্ধান্তের কথা তুলে ধরা হয়। নির্ধারিত সময়ের মধ্যে সব প্রস্তুতি শেষ করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দিয়ে রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুকরণ বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার।’
প্রধানমন্ত্রীর নির্দেশনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নির্ধারিত সময়ে টার্মিনাল-৩-এর কার্যক্রম শুরুর প্রস্তুতি সম্পন্ন করার তাগিদ দেন মন্ত্রী। তিনি বলেন, ‘নির্ধারিত সময়ে টার্মিনাল-৩-এর কার্যক্রম শুরু নিশ্চিত করার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ দায়িত্ব অনুযায়ী কাজ সম্পন্ন করতে হবে।’ সংশ্লিষ্ট সবার দীর্ঘদিনের নিরলস প্রচেষ্টায় টার্মিনালটি চালুর পর্যায়ে এসেছে উল্লেখ করে তিনি জানান, প্রাথমিকভাবে চালুর পর পূর্ণাঙ্গভাবে সচল করার কাজ চলবে।
বৈঠকে উপস্থিত মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘আপাতত চারটি ফ্লাইট দিয়ে চালু হচ্ছে। ফ্লাইটগুলো নিয়মিত চলবে। ধীরে-ধীরে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে।’ তিনি আরও জানান, অন্যান্য কাজও চলমান থাকবে। আগামী মার্চে টার্মিনালটি পুরোপুরি চালুর পরিকল্পনা রয়েছে। সভায় ইমিগ্রেশন বুথের কার্যক্রম শুরু, ব্যাগেজ বেল্ট ও প্রয়োজনীয় স্ক্যানার স্থাপন, ট্রায়াল অপারেশন পরিচালনা এবং চুক্তি স্বাক্ষরসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও করণীয় নির্ধারণ করা হয়।
সভায় ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিষয়ক) গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নূরুন্নাহার চৌধুরী এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবিব সভায় অংশ নেন।















