পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা মালিকদের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। ছবি: সংগৃহীত
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। ছবি: সংগৃহীত

পোশাকশ্রমিকরা কাজে যোগ না দিলে আগামীকাল রোববার থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন মালিকরা। এই ধারায় কারখানা বন্ধ থাকলে শ্রমিকরা কোনো মজুরি পান না।

শনিবার (১৪ নভেম্বর) ঢাকার উত্তরায় বিজিএমইএর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। বিজিএমইএ ও বিকেএমইএ যৌথভাবে সংবাদ সম্মেলনটির আয়োজন করে। এর আগে সকালে দুই সংগঠনের যৌথ মতবিনিময় সভায় এক হাজারের বেশি পোশাক কারখানার মালিক অংশ নেন।

মাহমুদ হাসান খান বলেন, সাভার, আশুলিয়া ও গাজীপুরে ৫৫টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এ ছাড়া শ্রমিক বিক্ষোভের কারণে আরও ৯২টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল। আগামীকাল যেসব কারখানায় উৎপাদন চালু করা সম্ভব হবে না, সেগুলো চাইলে ১৩(১) ধারায় বন্ধ রাখা যাবে।

তিনি জানান, আগামী সোমবার মজুরি বোর্ডের বৈঠকে মালিকপক্ষ তাদের প্রস্তাব দেবে। তবে শিল্পাঞ্চলে বিশৃঙ্খলা চলতে থাকলে মজুরি বোর্ডের আলোচনায় অংশ নেওয়া হবে কি না, সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে গতকাল শুক্রবার পাঁচটি শ্রমিক সংগঠনের জোটের যৌথ সংবাদ সম্মেলন থেকে শ্রমিকদের ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানানো হয়।

শ্রমিকনেতারা বলেন, ন্যায্য মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের কার্যক্রম চলছে। এ প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে— এমন কোনো কাজে শ্রমিকদের যুক্ত হওয়া উচিত নয়। পাশাপাশি উসকানি ও অপতৎপরতা থেকে বিরত থাকার জন্যও শ্রমিকদের প্রতি আহ্বান জানান তারা। মজুরি বোর্ডকে আলোচনার সুযোগ দিতে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানান শ্রমিকনেতারা।

মালিকদেরও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খোলা রাখার আহ্বান জানান তারা। শ্রমিকনেতাদের ভাষ্য, বর্তমানে দু-একটি এলাকায় আন্দোলন চলছে। এসব পরিস্থিতি আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

পোশাকশ্রমিকরা মজুরি বাড়ানোর দাবিতে গত মাস থেকে আন্দোলন করে আসছেন। এর মধ্যে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। গত সোমবার বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দেন।

আগামী সোমবার মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। বোর্ডের আলোচনা শুরু হওয়ার পর শিল্পাঞ্চলের পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad