গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর

গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করার প্রক্রিয়ায় আরেক ধাপ এগোচ্ছে নিম্নতম মজুরি বোর্ড। শিল্পে নিয়োজিত সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে বোর্ডের তৃতীয় সভা আগামী ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।
ঢাকার বিজয়নগরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণির শ্রম ভবনে শ্রম অধিদপ্তরে সকাল ১১টায় এ সভা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারার বিধান অনুযায়ী আহূত এ সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী (জেলা ও দায়রা জজ)।
বোর্ডের নোটিশ অনুযায়ী, সভার প্রথম আলোচ্যসূচিতে রয়েছে গার্মেন্টস শিল্পের মালিকপক্ষের প্রতিনিধির পক্ষ থেকে নিম্নতম মজুরি হারের লিখিত প্রস্তাব দাখিল।
এ ছাড়া সভায় শিল্প খাতের সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি হারের সুপারিশ প্রণয়ন নিয়েও বিস্তারিত আলোচনা হবে। বাসস।














