পরিবেশ ক্যাডার সার্ভিস গঠনের আহ্বান বিপিএসের নতুন নেতৃত্বের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
পরিবেশ ক্যাডার সার্ভিস গঠনের আহ্বান বিপিএসের নতুন নেতৃত্বের

বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটির (বিপিএস) ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৩টায় ঢাকার বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত পরিচিতি ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিদায়ী কমিটির কাছ থেকে নতুন কমিটির সদস্যরা দায়িত্ব বুঝে নেন। এ সময় সংগঠনের চলমান কার্যক্রম, অভিজ্ঞতা ও প্রয়োজনীয় নথিপত্র নতুন নেতৃত্বের কাছে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচিতি ও অনুমোদন সংক্রান্ত রেজুলেশন পাঠ করা হয়। বিপিএস নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার আবু জাফর মোহাম্মদ সালেহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং দায়িত্ব হস্তান্তর অধিবেশন পরিচালনা করেন। পরে ক্রেস্ট ও প্রয়োজনীয় নথিপত্র হস্তান্তরের মাধ্যমে প্রক্রিয়াটি সম্পন্ন হয়। এ সময় বিদায়ী ও নতুন কমিটির সভাপতি এবং অন্য নেতারা বক্তব্য দেন। তাঁরা সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।

নতুন কমিটির নেতৃত্বে পরিবেশ সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বাংলাদেশের টেকসই উন্নয়নে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার পরিকল্পনার কথা জানানো হয়। নবনির্বাচিত সভাপতি আবু জুবায়ের (খুলনা বিশ্ববিদ্যালয়) বলেন, সরকারি নীতিনির্ধারণে সহায়তার জন্য পরিবেশ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি জাতীয় গ্রিন প্যানেল গঠন করা জরুরি। সহ-সভাপতি-১ মোঃ আব্দুল কাদের তালুকদার (মাভাবিপ্রবি) পরিবেশ অধিদপ্তরের সব কর্মকর্তা-কর্মচারীর জন্য স্বয়ংক্রিয় সদস্যপদ চালুর প্রয়োজনীয়তার কথা বলেন।

সহ-সভাপতি-২ সুব্রত কুমার দে (খুলনা বিশ্ববিদ্যালয়) পেশাগত দক্ষতা বৃদ্ধি ও পরিবেশগত সুশাসন নিশ্চিত করতে স্বতন্ত্র পরিবেশ ক্যাডার সার্ভিস প্রতিষ্ঠার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পরিচালক (প্রশাসন) এফ. এম. আশরাফুল আলম (যবিপ্রবি), পরিচালক (প্রচার ও যোগাযোগ) মোঃ আতিকুর রহমান মল্লিক (নর্থ সাউথ ইউনিভার্সিটি) এবং পরিচালক (পরিবেশ সচেতনতা) মোঃ মোস্তাফিজুর রহমান রাব্বী (যবিপ্রবি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডস রাজ্যের দূতাবাসের সিনিয়র পলিসি অ্যাডভাইজার ড. মোঃ শিবলী সাদিক, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও সম্পদ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মশিউর রহমান।

আমন্ত্রিত অতিথিরা তাঁদের বক্তব্যে পরিবেশ সুরক্ষা ও পেশাজীবীদের সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট পরিবেশবিদ, শিক্ষাবিদ, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। এ ছাড়া প্রশ্নোত্তর পর্ব, সমাপনী বক্তব্য, দলীয় ছবি তোলা ও আপ্যায়নের আয়োজন ছিল। বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটি ২০২০ সালে পরিবেশ বিজ্ঞান ও সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্পন্ন করা গ্র্যাজুয়েটদের একটি জাতীয় প্ল্যাটফর্মে যুক্ত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি জ্ঞান বিনিময়, গবেষণা, সচেতনতা বৃদ্ধি ও নেটওয়ার্কিংয়ের পাশাপাশি পরিবেশ অলিম্পিয়াড, সেমিনার এবং ক্যারিয়ার ও স্কলারশিপবিষয়ক কার্যক্রম পরিচালনা করে। SARNET, NES, PDCA International Limited ও O.Creeds Ltd.-এর সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে গবেষণা, প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়ন কার্যক্রমও বাস্তবায়ন করছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad