ইশরাককে পদত্যাগে প্রধানমন্ত্রীর নির্দেশের খবর বিটিভিতে, প্রতিমন্ত্রীর অস্বীকার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানের সময় অস্ত্র হাতে দেখা যায় প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে। ছবি: ভিডিও থেকে
শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানের সময় অস্ত্র হাতে দেখা যায় প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে। ছবি: ভিডিও থেকে

প্রধানমন্ত্রী তারেক রহমান মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে খবর প্রচারিত হয়েছে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)। তবে প্রতিমন্ত্রী ইশরাক এ খবর ‘গুজব’ বলে অভিহিত করেছেন। তার প্রেস কর্মকর্তা গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেছেন, প্রতিমন্ত্রীর পদত্যাগ বা তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে যে খবর প্রচারিত হচ্ছে, তা সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে অস্ত্র হাতে অংশ নিয়ে ব্যাপক সমালোচনার শিকার হন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বিভিন্ন গণমাধ্যমে খবর আসে, রোববার (১৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রী তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন।

এ বিষয়টি নিশ্চিত করে সরকারের দায়িত্বশীল কেউ বক্তব্য দেননি। তবে রোববার রাত ১০টা ৩৪ মিনিটে বিটিভিতে একটি স্ক্রল প্রচারিত হয়। তাতে লেখা ছিল, ‘মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর’।

পরে রাতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা এক বিবৃতিতে তিনি বলেন, আজ (১৮ অক্টোবর) বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ বা তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে যে সংবাদটি প্রচারিত হচ্ছে, তা সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

বিবৃতিতে বলা হয়, প্রকৃত সত্য এই যে প্রতিমন্ত্রী তার সরকারি ও রাজনৈতিক দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সঙ্গে পালন করে যাচ্ছেন। সরকারের উচ্চপর্যায় থেকে তাকে পদত্যাগের কোনো নির্দেশনা দেওয়া হয়নি এবং তার পদত্যাগের কোনো প্রশ্নই ওঠে না। একটি মহল রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এবং জনসাধারণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে এই ধরনের কাল্পনিক ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে।

প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা বিবৃতিতে আরও বলেন, ‘গতকাল (শনিবার) নিজ সংসদীয় আসনে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচিতে উদ্ভূত পরিস্থিতিতে কেবল আত্মরক্ষার্থে আইনসম্মতভাবে অস্ত্র প্রদর্শনের যে ঘটনাটি ঘটেছিল, তা নিয়ে প্রতিমন্ত্রী তার অবস্থান পরিষ্কার করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে তার পদত্যাগ সংক্রান্ত যেকোনো খবর ছড়ানো সম্পূর্ণ বেআইনি ও সাংবাদিকতার নীতিমালার পরিপন্থি।’

সংশ্লিষ্ট সব গণমাধ্যম ও দেশবাসীকে এই ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন প্রতিমন্ত্রীর প্রেস সচিব। যেসব মাধ্যম এই ‘বিভ্রান্তিকর’ খবর প্রকাশ করেছে, তাদের অবিলম্বে সে খবর প্রত্যাহার করে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান তিনি। অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারিও দেন প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা।

এর আগে শনিবার গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে ইশরাক হোসেনের অস্ত্র হাতে অংশ নেওয়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একটি ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমে ইশরাক আগ্নেয়াস্ত্র উঁচিয়ে চিৎকার করছেন। তার সঙ্গে থাকা কয়েকজনের হাতেও অস্ত্র দেখা যায়।

এ নিয়ে নিজের অবস্থান জানিয়ে রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে ইশরাক দাবি করেন, নিরাপত্তাঝুঁকি ও হামলার আশঙ্কা থেকে আত্মরক্ষার জন্য তিনি ও তার সরকারি নিরাপত্তারক্ষীরা অল্প সময়ের জন্য অস্ত্র উঁচিয়ে ধরেছিলেন। পরে পুলিশের উপস্থিতিতে অভিযান চালিয়ে ছয়জনকে আটক এবং মাদকসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) অস্ত্র হাতে প্রতিমন্ত্রীর মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়ার ঘটনাটি তদন্ত করছে বলে জানিয়েছে। এ ঘটনায় আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে ডিএমপি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement