অস্ত্র হাতে ইশরাকের অভিযান, আইনের ব্যত্যয় ঘটলে ব্যবস্থা নেবে ডিএমপি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত
ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

রাজধানীর গেন্ডারিয়ায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অভিযানে আইনের কোনো ব্যত্যয় ঘটেছে কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।

রোববার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শফিকুল ইসলাম বলেন, “এখনও এটা মূল্যায়নের সময় আসেনি। আপনারা যেটা দেখেছেন, আমরাও দেখেছি। স্থানীয় ডিসিকে বলা হয়েছে, তিনি পুরো ঘটনাটি পর্যবেক্ষণ করে প্রতিবেদন দেবেন। এখানে আইনের কোনো ব্যত্যয় হয়ে থাকলে ডিএমপি অবশ্যই আইনগত ব্যবস্থা নেবে।”

একজন মন্ত্রী পুলিশের দায়িত্ব পালন করতে পারেন কি না, এমন প্রশ্নে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি।

এর আগে শনিবার বিকেলে নিজের ফেসবুক পেজে গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানের একাধিক ভিডিও প্রকাশ করেন ইশরাক হোসেন। এর একটি ভিডিওতে তাঁকে হাতে পিস্তল নিয়ে অভিযান চালাতে দেখা যায়। অস্ত্রটির কিছু অংশ ঝাপসা করা থাকায় সেটির ধরন নিশ্চিত হওয়া যায়নি। অন্য একটি ভিডিওতে কয়েকজনকে হাতকড়া পরিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে যেতে দেখা যায়।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভিডিওতে দেখা যায়, এক হাতে হ্যান্ড মাইকের মাউথপিস এবং অন্য হাতে পিস্তল নিয়ে গাড়ি থেকে নেমে একদল লোককে ধাওয়া করেন প্রতিমন্ত্রী। এ সময় পিস্তলের স্লাইড টেনে সেটি গুলি করার জন্য প্রস্তুত করে লোকগুলোর দিকে তাক করে তাঁকে ‘অ্যাই দাঁড়া, দাঁড়া’ বলে চিৎকার করতে দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘ইশরাকের অ্যাকশন: মাদক আস্তানা গুঁড়িয়ে বিক্রেতাদের পুলিশে সোপর্দ’।

গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, ইশরাক হোসেন ছয়জনকে আটক করে থানায় ফোন দেন। পরে পুলিশ সদস্যরা গিয়ে তাদের থানায় নিয়ে আসেন।

ওসি বলেন, আটক ব্যক্তিদের কাছে সাদা পাউডারজাতীয় পদার্থ পাওয়া গেছে। সেগুলো হেরোইন কি না, তা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

শনিবার সন্ধ্যা ৭টা ২২ মিনিটে ইশরাক হোসেনের ফেসবুক পেজে দেওয়া আরেকটি পোস্টে ঢাকা-৬ আসনকে মাদকমুক্ত না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। পোস্টে বলা হয়, মাদক কারবারিরা যে দলেরই হোক, তাঁদের ছাড় দেওয়া হবে না। এমনকি নিজের দলের কেউ মাদক কারবারে জড়িত থাকলে তার জন্য আরও কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

পোস্টে আরও উল্লেখ করা হয়, এর আগেও ঢাকা-৬ আসনের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছেন ইশরাক। এ কার্যক্রম অব্যাহত রাখতে এলাকাবাসীর সহযোগিতাও চেয়েছেন তিনি।

এদিকে সংবাদ সম্মেলনে দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে প্রশ্নের জবাবে ডিবিপ্রধান শফিকুল ইসলাম বলেন, পূজাকে কেন্দ্র করে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন। পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্যও নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement