মন্ত্রিসভায় সিদ্ধান্ত

৩২ বছর পর ‘মহিলা’ বদলে ‘নারী’ যুক্ত হচ্ছে মন্ত্রণালয়ের নামে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রোববার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও
রোববার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

প্রতিষ্ঠার পাঁচ বছর পর একবার নাম পালটেছিল। এর ৩২ বছর পর এবার নতুন নাম পাচ্ছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। এ মন্ত্রণালয়ের নতুন নাম ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে তথ্য অধিদপ্তরের (পিআইডি) কনফারেন্স হলে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বৈঠকের সিদ্ধান্ত জানিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নতুন করে নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয় নামকরণ করার সিদ্ধান্ত হয়েছে।

সামরিক শাসক হুসেইন মুহাম্মদ এরশাদের আমলে ১৯৮৯ সালের ৯ নভেম্বর যাত্রা শুরু করে ‘মহিলাবিষয়ক মন্ত্রণালয়’। এরশাদের পতনের পরে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে। ওই সরকারের সময় ১৯৯৪ সালের ৫ মে এর কর্মপরিধি বাড়িয়ে নাম দেওয়া হয় ‘মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’।

মন্ত্রণালয়ের নামে ‘মহিলা’ শব্দ বদলে ‘নারী’ ব্যবহারে নারী অধিকারকর্মীসহ বিভিন্ন স্তরের মানুষের দাবি ছিল দীর্ঘ দিনের। শেষ পর্যন্ত মন্ত্রণালয়ের নামে সেই বদলে এলো।

এ দিন মন্ত্রিসভার বৈঠকে সচিবালয় আব্দুল গনি রোড থেকে সরিয়ে শেরেবাংলা নগরে স্থানান্তর করার প্রস্তাবও অনুমোদন পেয়েছে। মন্ত্রিপরিষদ সচিব জানান, শেরেবাংলা নগরের পুরনো বাণিজ্য মেলার মাঠে ৩১ দশমিক ৫৮ একর জমিতে ১৪টি ১২ তলা ভবনে ৩৩ দশমিক ১৬ লাখ বর্গফুট আয়তনের নতুন সচিবালয় গড়ে তোলা হবে। সেখানে অফিস শুরু হবে ২০২৯ সালে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement