পর্যটন খাতে ১২০ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান

বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা খাতে প্রাথমিকভাবে ১২০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে জাপানের বিনিয়োগকারীদের একটি প্রতিনিধিদল।
রোববার দুপুরে সচিবালয়ে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ ঘোষণা দেওয়া হয়। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে পর্যটন খাতে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, সুন্দরবন, কক্সবাজারের দীর্ঘ প্রাকৃতিক সমুদ্রসৈকত ও সিলেটের চা-বাগানসহ বাংলাদেশের রয়েছে বৈচিত্র্যময় পর্যটনসম্পদ। এ খাতের উন্নয়নে সরকার বিদেশি বিনিয়োগকে স্বাগত জানাচ্ছে।
জাপানকে বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু উল্লেখ করে মিল্লাত বলেন, দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে জাপানের উল্লেখযোগ্য অবদান রয়েছে। বাংলাদেশের পর্যটন খাতের বিকাশে জাপানি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত। এ ক্ষেত্রে পারস্পরিক সুবিধা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) মডেলে কাজ করার আগ্রহও জানান তিনি।
বৈঠকে জাপানি প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে তাঁদের আগ্রহের কথা জানান। দেশের পর্যটন ও আতিথেয়তা খাতের উন্নয়নে যৌথভাবে কাজ করতেও তারা প্রস্তুত বলে জানান। আলোচনার একপর্যায়ে তাঁরা প্রাথমিকভাবে ১২০ কোটি ডলার বিনিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দেন।
বিনিয়োগের ঘোষণাকে স্বাগত জানিয়ে পর্যটনমন্ত্রী বলেন, প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে জমা পড়লে সরকার দ্রুত প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক পদক্ষেপ নেবে। পাশাপাশি সম্ভাবনাময় পর্যটন কেন্দ্রগুলো সরেজমিনে পরিদর্শনের জন্য বিনিয়োগকারীদের ব্যবস্থা করবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।













-094a32-256x144.webp)


