আগামী বছরের বইমেলা শুরু ৭ জানুয়ারি, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
অমর একুশে বইমেলা। রাজনীতি ডটকম ফাইল ছবি
অমর একুশে বইমেলা। রাজনীতি ডটকম ফাইল ছবি

ফেব্রুয়ারির বদলে আগামী বছর অমর একুশে বইমেলা শুরু হবে জানুয়ারি মাসে। ৭ জানুয়ারি শুরু হয়ে মেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এক মাসব্যাপী।

বাংলা একাডেমি ও প্রকাশকরা বলছেন, ফেব্রুয়ারি মাসে রোজা থাকায় প্রকাশকদের প্রস্তাবনার পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চাঁদ দেখাসাপেক্ষে আগামী বছর ৮ বা ৯ ফেব্রুয়ারি রমজান মাস শুরু হতে পারে।

রোববার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে মেলার আয়োজন প্রতিষ্ঠান বাংলা একাডেমি বইমেলা শুরুর তারিখ জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ২০২৭ সালের একুশে বইমেলার আয়োজন নিয়ে গত ১৩ অক্টোবর প্রকাশকদের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছে বাংলা একাডেমি ও সংস্কৃতি মন্ত্রণালয়। সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, ২০২৭ সালে বইমেলা শুরু করা হবে ৭ জানুয়ারি।

ফেব্রুয়ারি মাসের পরিবর্তে জানুয়ারিতে বইমেলা শুরু করার বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি বাংলা একাডেমির বিবৃতিতে। তবে একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম জানিয়েছেন, বইমেলা এগিয়ে আনার প্রস্তাব প্রকাশকদের কাছ থেকে এসেছিল, একাডেমি তাতে সম্মতি দিয়েছে।

প্রকাশকরাও জানিয়েছেন, ফেব্রুয়ারি মাসে রোজা শুরু হওয়ায় তারা মেলা এগিয়ে জানুয়ারিতে আনার জন্য বাংলা একাডেমিকে বলেছিলেন।

কিছু ব্যতিক্রম ছাড়া প্রতি বছর ফেব্রুয়ারি মাস জুড়ে অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এ বছর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থাকায় মেলা শুরু হয়েছিল ২৬ ফেব্রুয়ারি। এর আগে করোভাইরাস মহামারির সময়ও বইমেলা যথাসময়ে হতে পারেনি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement