জনপ্রশাসনের শীর্ষ পর্যায়ে বড় রদবদল এনেছে সরকার। এর অংশ হিসেবে সাতজন সচিবের দপ্তর পালটে গেছে। এ ছাড়া একজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দেওয়া হয়েছে সচিব পদে। আরও দুই অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) রাতে এসব রদবদল, পদোন্নতি ও ভারপ্রাপ্ত দায়িত্বের পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। উপসচিব জেরি প্রু সবগুলো প্রজ্ঞাপনে সই করেছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, নৌপরিবহন সচিব জাকারিয়াকে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান পদে বদলি করা হয়েছে। নৌপরিবহন সচিবের দায়িত্ব পেয়েছেন বাণিজ্যসচিব মো. আতাউর রহমান খান।
এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ পেয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী। আর বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারকে সচিব পদে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর ড. মো. কামরুজ্জামানকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব করা হয়েছে। আর ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমিকে বদলি করা হয়েছে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব পদমর্যাদা)।
যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলমকে সচিবের পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খানকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।
এ ছাড়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলামকে জাতীয় প্রশাসন একাডেমির রেক্টর (সচিব পদমর্যাদা) করা হয়েছে। আর ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আবুল হাছানাত হুমায়ূন কবীরকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।


















