টিটন হত্যা মামলায় সুইডেন আসলাম ফের ৫ দিনের রিমান্ডে

রাজধানীর নিউমার্কেট এলাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলায় আরেক ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আরও পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিয়াদ হাসেন শনিবার (২৮ নভেম্বর) এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন এ তথ্য জানিয়েছেন। এর আগে একই মামলায় পাঁচ দিনের রিমান্ডে ছিলেন সুইডেন আসলাম।
রিমান্ড শেষে এ দিন আসলামকে আদালতে হাজির করে নতুন করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা জোনাল টিমের পরিদর্শক ইরফান খান। তিনি রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসলামের আইনজীবী মাহবুবুল আলম রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২২ নভেম্বর গভীর রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসলামকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। ডিবি কর্মকর্তাদের ভাষ্য, তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে শতাধিক অভিযোগ রয়েছে।
এ ছাড়া অন্তত পাঁচটি টর্চার সেল পরিচালনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের ভিত্তিতে পুলিশের তৎপরতার মধ্যে দেশ ছাড়ার চেষ্টা করেছিলেন তিনি।
২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে পুলিশ প্রকাশিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় আসলাম ও টিটন— দুজনেরই নাম ছিল। গত ২৮ এপ্রিল রাতে রাজধানীর নিউ মার্কেট এলাকার শাহনেওয়াজ হলের সামনে গুলিতে নিহত হন টিটন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ১৩ আগস্ট আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ার পর টিটন বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপনের সঙ্গে বিভিন্ন মোবাইল অ্যাপের মাধ্যমে যোগাযোগ রাখতেন। বড় ভাইকে তিনি বলতেন, “বড় ভাই আমি আপনার অনেক আর্থিক ক্ষতি করেছি, এখন চেষ্টা করছি আপনাদের আর কোনো বদনাম যেন না হয়। আমি যেন ভালোভাবে কাজ করে জীবন যাপন করতে পারি।”
ঘটনার কিছুদিন আগে রিপনকে টিটন বলেছিলেন, “ইনশাআল্লাহ মোটামুটি কাজের মাধ্যমে থাকতে পারবেন।” পরে ২৬ এপ্রিল ফোন করে তিনি জানান, এনামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, বাদল ওরফে কিলার বাদল ওরফে কাইলা বাদল, শাহজাহান ও রনি ওরফে ভাঙ্গারী রনিদের সঙ্গে বছিলা গরুর হাটের ইজারার শিডিউল নিয়ে বিরোধ চলছে। পরদিন ২৭ এপ্রিল টিটন বড় ভাইকে জানান, তারা তাকে ডাকছেন। দুই পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে কাজ করার কথা ভাবছেন তিনি।
মামলার বিবরণে আরও বলা হয়, ২৮ এপ্রিল রাত ১১টার দিকে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে টিটনের গুলিবিদ্ধ হওয়ার খবর পান রিপন। নিউ মার্কেট থানার শাহনেওয়াজ হলের সামনের বটতলায় মোটরসাইকেলে আসা অস্ত্রধারীরা তাকে গুলি করে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরদিন ২৯ এপ্রিল অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন রিপন। মামলার এজাহারে তিনি অভিযোগ করেন, পূর্বশত্রুতার জেরে সাতজনের পরিকল্পনায় অস্ত্রধারী সন্ত্রাসীরা মোটরসাইকেলে এসে তার ভাইকে এলোপাতাড়ি গুলি করে।
আসলামের অপরাধজগতে উত্থান ঘটে ১৯৮৬-৮৭ সালের দিকে রাজধানীর রাজাবাজার ও ইন্দিরা রোড এলাকায়। নব্বইয়ের দশকে কারওয়ান বাজার, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও শেরেবাংলা নগরসহ বিভিন্ন এলাকায় অপরাধজগতের নিয়ন্ত্রণ নিয়ে আলোচনায় আসে তার নাম।
বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে ২২টি মামলা হয়, যার মধ্যে নয়টি হত্যা মামলা। অস্ত্র মামলাসহ কয়েকটি মামলায় তার সাজাও হয়েছিল। ১৯ বছরের বেশি সময় কারাভোগের পর ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৩ সেপ্টেম্বর কারামুক্ত হন সুইডেন আসলাম।














-083d5b-256x144.webp)
-2b329e-256x144.webp)

