শতাধিক গুম-খুনের মামলায় জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চেয়েছে প্রসিকিউশন

আওয়ামী লীগ সরকারের আমলে গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চেয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। একই সঙ্গে তার সব সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে বণ্টনের আবেদন জানিয়েছেন তিনি। অ্যাটর্নি জেনারেলের যুক্তিতর্কের এ কার্যক্রম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), ট্রাইব্যুনালের ফেসবুক পেজ ও বিভিন্ন গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ আবেদন জানান অ্যাটর্নি জেনারেল। মামলায় চূড়ান্ত যুক্তি উপস্থাপন করে ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পেরেছে প্রসিকিউশন। এসব অপরাধের জন্য মৃত্যুদণ্ডই একমাত্র উপযুক্ত সাজা হতে পারে বলে যুক্তি দেন তিনি।
চূড়ান্ত যুক্তিতর্কে বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক অপরাধ ও দেশীয় ট্রাইব্যুনালে এ ধরনের গুরুতর অপরাধে জড়িত ব্যক্তিদের বিচারের নজির তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। এর আগে গত দুদিন মামলায় যুক্তি উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। বুধবার তারা জিয়াউল আহসানের বিচারপ্রক্রিয়ার ন্যায়সংগততা নিয়ে তথ্য ও আইনি ব্যাখ্যা উপস্থাপন করেন। নিরাপত্তাজনিত কারণে মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান সশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত না হয়ে ভার্চুয়ালি বিচারকাজে অংশ নেন।
গত ২৪ নভেম্বর মামলায় যুক্তিতর্ক শুরু হয়। প্রথম দিন জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগ ও মামলার ঘটনাবলি তুলে ধরেন চিফ প্রসিকিউটর। এর আগে ২২ নভেম্বর আসামিপক্ষে সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি। সাক্ষ্য দেওয়ার সময় তিনি মামলাসংক্রান্ত কিছু কাগজপত্র ও ভিডিও উপস্থাপন করেন। গত ১৯ নভেম্বর মামলার ১৫তম সাক্ষী তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জেরার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়।
প্রসিকিউশন জিয়াউল আহসানের বিরুদ্ধে সুনির্দিষ্ট তিনটি অভিযোগ এনেছে। প্রথম অভিযোগ, ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুর সদর থানার পুবাইলে সড়কের পাশে তাঁর সরাসরি উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যা। দ্বিতীয় অভিযোগ, ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী খালঘেঁষা বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যা। তৃতীয় অভিযোগেও একই সময়কালে তথাকথিত বনদস্যু দমনের আড়ালে বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে মাসুদসহ ৫০ জনকে হত্যার কথা বলা হয়েছে।
এসব হত্যাকাণ্ডের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ২৩ ডিসেম্বর জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। এর আগে ১৭ ডিসেম্বর তার বিরুদ্ধে তিনটি অভিযোগ আমলে নেওয়া হয় এবং একই দিন প্রসিকিউশন ফরমাল চার্জ দাখিল করে। চলতি বছরের ১৪ জানুয়ারি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। ৮ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মামলার প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া।








-e42eaa-256x144.webp)


-1462de-256x144.webp)


-78eff2-256x144.webp)