নজিরবিহীন টানা ৬ দিন, প্রাক্‌-শিল্পযুগের চেয়ে তাপমাত্রা ২ ডিগ্রি বেশি

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রাক্‌-শিল্পযুগের তুলনায় বৈশ্বিক গড় তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল টানা ছয় দিন। ফাইল ছবি: সংগৃহীত
প্রাক্‌-শিল্পযুগের তুলনায় বৈশ্বিক গড় তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল টানা ছয় দিন। ফাইল ছবি: সংগৃহীত

প্রাক্‌-শিল্পযুগের তুলনায় বৈশ্বিক গড় তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকার নতুন রেকর্ড তৈরি হয়েছে। প্রথমবারের মতো টানা ছয় দিন এই সীমার ওপরে ছিল পৃথিবীর গড় তাপমাত্রা। বিজ্ঞানীরা বলছেন, সময়ের হিসাবে এই উত্তাপের পর্বটি সংক্ষিপ্ত হলেও এটি জলবায়ু পরিবর্তনের ভয়াবহ ভবিষ্যতের আগাম সংকেত। জীবাশ্ম জ্বালানির ব্যবহার দ্রুত বন্ধ করা না গেলে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, গত সোমবার বৈশ্বিক ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা প্রাক্‌-শিল্পযুগের তুলনায় ২ দশমিক ২৪ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। দৈনিক তাপমাত্রার হিসাবে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ বিচ্যুতি। আগামী কয়েক দিনও তাপমাত্রা একই রকম উচ্চ পর্যায়ে থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের জলবায়ুবিষয়ক কৌশলগত প্রধান সামান্থা বার্গেস বলেন, বৈশ্বিক তাপমাত্রার এই অস্বাভাবিক বৃদ্ধি বিশেষভাবে উদ্বেগজনক। কয়েক মাস ধরেই পৃথিবীতে তাপমাত্রার রেকর্ড ভাঙছে। প্রতিদিনের তাপমাত্রায় ওঠানামা থাকলেও ধারাবাহিকভাবে এমন উচ্চ তাপমাত্রা জলবায়ু কতটা উষ্ণ হয়ে উঠেছে, তার স্পষ্ট ইঙ্গিত।

এর আগে ২০২৩ সালের নভেম্বর ও ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দৈনিক বৈশ্বিক তাপমাত্রা প্রাক্‌-শিল্পযুগের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়েছিল। তবে ওই দুই দফার কোনোটিই এবারের মতো দীর্ঘস্থায়ী ছিল না, তাপমাত্রাও এতটা বাড়েনি।

জলবায়ু গবেষক জেকে হাউসফাদার বলেন, আগের রেকর্ড ছিল ২০২৩ সালে প্রাক্‌-শিল্পযুগের তুলনায় ২ দশমিক ০৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। এবারের তাপমাত্রা সেই রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

মানবসৃষ্ট উষ্ণায়নের সঙ্গে এল নিনোর প্রভাব

বিজ্ঞানীদের মতে, এই তাপমাত্রা বৃদ্ধির পেছনে দুটি বড় কারণ কাজ করছে। প্রথমত, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে দীর্ঘদিন ধরে জমতে থাকা গ্রিনহাউজ গ্যাসের প্রভাব। দ্বিতীয়ত, প্রশান্ত মহাসাগরে সক্রিয় শক্তিশালী এল নিনো পরিস্থিতি।

এল নিনো একটি প্রাকৃতিক জলবায়ুগত ঘটনা। এটি দেখা দিলে প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়। এর প্রভাবে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের আবহাওয়া ও তাপমাত্রায় পরিবর্তন আসে। বর্তমান এল নিনো পরিস্থিতি আগামী জানুয়ারির মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে বলে বিজ্ঞানীরা ধারণা করছেন। তবে এর পূর্ণ প্রভাব অনুভূত হতে আরও কয়েক মাস সময় লাগতে পারে।

কোপার্নিকাসের সামান্থা বার্গেসের মতে, বর্তমান এল নিনোর মতো শক্তিশালী পরিস্থিতি সর্বশেষ দেখা গিয়েছিল ১৮৭০-এর দশকে। সে সময় এল নিনোর প্রভাবে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়, যাতে প্রায় পাঁচ কোটি মানুষের মৃত্যু হয়েছিল।

এবারের বাড়তি তাপ এরই মধ্যে বিভিন্ন প্রাকৃতিক ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। ইন্দোনেশিয়া ও আমাজনের গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চলে খরা ও দাবানলের প্রবণতা বাড়ছে। তাপমাত্রা বৃদ্ধির কারণে এসব বনাঞ্চলের উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে। ফলে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই-অক্সাইড শোষণের সক্ষমতাও কমে যাচ্ছে।

যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর মেট অফিসের পূর্বাভাস, আগামী কয়েক মাসে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের ঘনত্ব উল্লেখযোগ্য হারে বাড়তে পারে। সংস্থাটির হ্যাডলি সেন্টারের জলবায়ু প্রভাব গবেষণা বিভাগের প্রধান রিচার্ড বেটস বলেন, এ বছর থেকে আগামী বছর পর্যন্ত বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের ঘনত্ব প্রায় ৩ দশমিক ৫ পার্টস পার মিলিয়ন (পিপিএম) বাড়তে পারে।

সাম্প্রতিক বছরগুলোর তুলনায় এই বৃদ্ধির হার প্রায় এক-তৃতীয়াংশ বেশি। আর বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রির মধ্যে সীমিত রাখার লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হারের তুলনায় এটি প্রায় দ্বিগুণ।

বেটসের মতে, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড বাড়ছেই। এর সঙ্গে বনাঞ্চলের কার্বন শোষণের সক্ষমতা কমে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। অ্যামাজনের মতো অঞ্চলে খরা ও দাবানল মানুষের স্বাস্থ্যের জন্যও বড় হুমকি তৈরি করছে। দাবানলের ধোঁয়া বায়ুদূষণ বাড়ানোর পাশাপাশি বনভিত্তিক বাস্তুতন্ত্রের ক্ষতি করছে। দীর্ঘ মেয়াদে খাদ্য ও পানির সরবরাহও ঝুঁকির মুখে পড়তে পারে।

প্যারিস চুক্তির লক্ষ্য আরও কঠিন হচ্ছে

২০১৫ সালে প্যারিস জলবায়ু চুক্তিতে প্রায় ২০০টি দেশ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি প্রাক্‌-শিল্পযুগের তুলনায় ২ ডিগ্রির অনেক নিচে রাখা এবং ১ দশমিক ৫ ডিগ্রিতে সীমিত রাখার প্রচেষ্টা চালানোর অঙ্গীকার করে। কিন্তু সাম্প্রতিক তাপমাত্রার রেকর্ড সেই লক্ষ্য অর্জনের কঠিন বাস্তবতাকে সামনে এনেছে।

তবে টানা ছয় দিন ২ ডিগ্রির বেশি তাপমাত্রা থাকাকে প্যারিস চুক্তির সর্বোচ্চ সীমা আনুষ্ঠানিকভাবে অতিক্রম করা হিসেবে দেখছেন না বিজ্ঞানীরা। কারণ, প্যারিস চুক্তির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে দীর্ঘমেয়াদি বৈশ্বিক তাপমাত্রার প্রবণতার ভিত্তিতে, কয়েক দিনের তাপমাত্রা দিয়ে নয়। ফলে এই রেকর্ড একাই চুক্তির লক্ষ্য অতিক্রমের প্রমাণ নয়। তবে দীর্ঘমেয়াদি উষ্ণায়নের গতি নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।

সম্প্রতি তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো ও জলবায়ু অর্থায়ন নিয়ে দেশগুলোর মধ্যে সমঝোতা হয়নি। সম্মেলনের আলোচনা ব্যর্থ হওয়ার পর জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বৈশ্বিক উষ্ণায়নের গতি বেড়ে যাওয়ার বিষয়ে সতর্ক করেছিলেন।

এরই মধ্যে চরম তাপপ্রবাহের প্রাণঘাতী প্রভাবও স্পষ্ট হচ্ছে। চলতি বছরের রেকর্ড গরমে ইউরোপীয় ইউনিয়নে ৫০ হাজারের বেশি এবং যুক্তরাজ্যে প্রায় পাঁচ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

কোপার্নিকাসের সামান্থা বার্গেস বলছেন, সরকারগুলোর সামনে এখন দুটি বড় চ্যালেঞ্জ— একদিকে বাড়তে থাকা তাপমাত্রার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার মতো অবকাঠামো ও জনস্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা, অন্যদিকে গ্রিনহাউজ গ্যাস নির্গমন দ্রুত কমানো। কারণ বর্তমান জলবায়ুর সঙ্গেই অনেক দেশের অবকাঠামো খাপ খাওয়াতে পারছে না। তীব্র গরমে সড়ক গলে যাওয়া, রেললাইন বেঁকে যাওয়া, স্কুল বন্ধ রাখা এবং হাসপাতালে অতিরিক্ত চাপ তৈরির মতো ঘটনা বাড়ছে।

বিজ্ঞানীদের আশঙ্কা, জীবাশ্ম জ্বালানির ব্যবহার অব্যাহত থাকলে তাপমাত্রা আরও বাড়বে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব ক্রমেই ভয়াবহ হয়ে উঠবে। শুধু তাপপ্রবাহ নয়, খরা, দাবানল, খাদ্য ও পানির সংকটসহ নানা দুর্যোগের ঝুঁকিও বাড়বে। ফলে বৈশ্বিক উষ্ণায়ন নিয়ন্ত্রণে নির্গমন কমানোর পাশাপাশি পরিবর্তিত জলবায়ুর সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার প্রস্তুতিও জরুরি হয়ে উঠেছে।

সূত্র: দ্য গার্ডিয়ান, কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস, যুক্তরাজ্যের মেট অফিস

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad