বিমানবন্দর থেকে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

নব্বইয়ের দশকের আলোচিত শীর্ষ সন্ত্রাসী শেখ মো. আসলামকে (সুইডেন আসলাম) গ্রেপ্তার করেছে পুলিশ। দেশের বাইরে যাওয়ার চেষ্টা করলে বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে থাই এয়ারওয়েজে করে থাইল্যান্ড যাওয়ার জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান সুইডেন আসলাম। এ সময় ইমিগ্রেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) সকালে পুলিশ ও বিমানবন্দর কর্তৃপক্ষ সুইডেন আসলামের গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বলেন, শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আলোচিত শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের নামে নব্বইয়ের দশকে ঢাকার বিভিন্ন থানায় চাঁদাবাজি, খুন, অবৈধ অস্ত্র বহনের অভিযোগে অন্তত ১২টি মামলা ছিল। এর সবকটি নিষ্পত্তি হয়ে গেছে।
চারদলীয় জোট সরকারের আমলে ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর একজন সুইডেন আসলাম। ১৯৮৬ সালে ফার্মগেটের পূর্ব রাজাবাজারে স্কুলের সামনে মায়ের হাত ধরে থাকা কিশোর শাকিলকে গুলি করার অভিযোগ আছে তার বিরুদ্ধে। পরে আরও একাধিক খুনের মামলায় তার নাম এসেছে। একপর্যায়ে তিনি দেশ ছেড়ে কিছুদিন সুইডেনে অবস্থান করার পর ফিরে এলে তার নামের সঙ্গে ‘সুইডেন’ শব্দটি যুক্ত হয়ে যায়।
পুলিশের নথিপত্রের তথ্য বলছে, সুইডেন আসলামের বিরুদ্ধে সর্বশেষ মামলা হয় তেজগাঁওয়ের যুবলীগের নেতা গালিব হত্যার ঘটনায়। ১৯৯৭ সালের ২৩ মার্চ গালিব খুন হন। এর আগে অস্ত্র আইনের দুটি মামলায় তার যাবজ্জীবন এবং ১৭ বছরের কারাদণ্ড হয়। পরে এসব মামলায় তিনি উচ্চ আদালত থেকে অব্যাহতি পান।
১৯৯৭ সালের ২৬ মে সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা বাহিনী। সে সময় তার বয়স ছিল ৩৫ বছর। ২৭ বছর পর ২০২৪ সালে ৬২ বছর বয়সে জেল থেকে ছাড়া পান তিনি।
আসলাম ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়ার এলাকার মৃত শেখ জিন্নাত আলীর ছেলে। পরিবারসহ তারা থাকতেন ঢাকার ইন্দিরা রোডে। তেজগাঁও পলিটেকনিক স্কুল (বর্তমানে তেজগাঁও সরকারি বিদ্যালয়) থেকে এসএসসি পাস করেন। ১৯৮৬-৮৭ সালের দিকে তার উত্থান ঘটে।














