ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় এসপি আজাদ গ্রেপ্তার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১৬: ০৪
পুলিশ সুপার আবুল কালাম আজাদ। ছবি: সংগৃহীত
পুলিশ সুপার আবুল কালাম আজাদ। ছবি: সংগৃহীত

খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশনা অনুযায়ী তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির ডিবিপ্রধান শফিকুল ইসলাম। পরে তাকে ট্রাইব্যুনালে সোপর্দ করা হবে।

বুধবার (২৫ নভেম্বর) গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেন ডিবি সদস্যরা। তিনি ওই প্রশিক্ষণ কেন্দ্রে কর্মরত ছিলেন। আবুল কালাম আজাদ ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি ঝালকাঠি জেলায়।

ডিএমপির ডিবিপ্রধান শফিকুল ইসলাম বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রিকুইজিশন অনুযায়ী তাকে আমরা তুলে এনেছি। পরে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোপর্দ করা হবে।’ তিনি আরও বলেন, ‘খিলগাঁও থানা ছাত্রদল নেতা জনিকে ক্রসফায়ারে হত্যার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সেই মামলাতেই তাকে তুলে আনা হয়েছে।’

নুরুজ্জামান জনি খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে পুলিশ তাকে তুলে নিয়ে যায়। একই দিন তার সঙ্গে ছাত্রদল নেতা মহিউদ্দিনকেও আটক করা হয়েছিল। অভিযোগ রয়েছে, ওই রাত সাড়ে ৩টার দিকে খিলগাঁও খেলার মাঠে ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে জনিকে হত্যা করা হয়।

জনি হত্যার ঘটনায় ২০২৪ সালের সেপ্টেম্বরে খিলগাঁও থানায় মামলা করেন তার বাবা ইয়াকুব আলী। ওই মামলায় মোট ৬২ জনকে আসামি করা হয়েছে। মামলাটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা হয়েছে, যার তদন্ত ও বিচারপ্রক্রিয়ার অংশ হিসেবে পুলিশ কর্মকর্তা আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad