অপ্রকাশিত এআইয়ের শক্তিতে বিস্ময়, নিজেদের মডেলেই আতঙ্কে ওপেনএআই-অ্যানথ্রপিক

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সক্ষমতা যত দ্রুত বাড়ছে, ততই কঠিন হয়ে উঠছে তাকে মানুষের নিয়ন্ত্রণে রাখা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে এআই খাতের শীর্ষ দুই প্রতিষ্ঠান ওপেনএআই ও অ্যানথ্রপিকের অভ্যন্তরীণভাবে তৈরি কিছু শক্তিশালী মডেল সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করা নিরাপদ হবে কি না, তা নিয়েই উদ্বেগ ছড়িয়েছে।
প্রতিষ্ঠান দুটির অনেক গবেষক ও কর্মী মনে করছেন, এসব মডেলের সক্ষমতা এতটাই বেড়েছে যে প্রচলিত নিরাপত্তাব্যবস্থা দিয়ে সেগুলোকে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। এমনকি নতুন প্রজন্মের আরও শক্তিশালী মডেল তৈরির কাজই বন্ধ রাখা উচিত কি না, সে প্রশ্নও উঠেছে।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক অনুসন্ধানী প্রতিবেদনে দুই ডজনের বেশি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। এসব সূত্র ওপেনএআই ও অ্যানথ্রপিকের অভ্যন্তরীণ আলোচনা এবং নিরাপত্তা গবেষণার সঙ্গে পরিচিত।
তাদের ভাষ্য, প্রতিষ্ঠান দুটির হাতে এমন কিছু অপ্রকাশিত মডেল রয়েছে, যেগুলোর সক্ষমতা বাজারে থাকা এআই মডেলগুলোর চেয়ে অনেক বেশি। গণিত, বিজ্ঞান, সাইবার নিরাপত্তা এবং এমনকি এআই গবেষণার মতো জটিল ক্ষেত্রে এসব মডেলের যুক্তি ও সমস্যা সমাধানের ক্ষমতায় সাম্প্রতিক অগ্রগতি গবেষকদেরও বিস্মিত করেছে।
এদিকে সক্ষমতার এই অগ্রগতির সঙ্গে পাল্লা দিয়ে বাড়েনি মডেলগুলোর ওপর মানুষের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রযুক্তি। অভ্যন্তরীণ পরীক্ষায় দেখা গেছে, উন্নত মডেলগুলোকে নির্দিষ্ট নিয়মের মধ্যে আটকে রাখা ক্রমেই কঠিন হয়ে পড়ছে। কিছু ক্ষেত্রে সেগুলো নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে যাওয়ার কৌশলও দেখাচ্ছে। ফলে নতুন মডেল প্রকাশের ক্ষেত্রে আগের মতো আত্মবিশ্বাস পাচ্ছে না প্রতিষ্ঠানগুলো।
এ নিয়ে ওপেনএআই, অ্যানথ্রপিক এবং বৃহত্তর এআই গবেষণা মহলে বড় ধরনের মতবিরোধ তৈরি হয়েছে। এক পক্ষ মনে করছে, নিরাপত্তার সমস্যাগুলো প্রযুক্তিগতভাবে সমাধান করা সম্ভব। অন্য পক্ষের আশঙ্কা, মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যাওয়া এআই একপর্যায়ে মানুষের পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণকৌশলকেই ব্যর্থ করে দিতে পারে।
এ অবস্থায় ভবিষ্যতের সবচেয়ে শক্তিশালী মডেলগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত না করে শুধু প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ব্যবহার, গবেষণা কিংবা নির্দিষ্ট কিছু পেশাগত কাজে সীমাবদ্ধ রাখার প্রস্তাব উঠেছে। এমনকি নতুন মডেলের প্রশিক্ষণ পুরোপুরি বন্ধ রাখার পক্ষেও মত দিয়েছেন কেউ কেউ।
সক্ষমতা বাড়ছে, নিয়ন্ত্রণ পিছিয়ে পড়ছে
এআই প্রযুক্তির শীর্ষ ব্যক্তিরা দীর্ঘদিন ধরেই বলে আসছেন, একদিন এই প্রযুক্তি প্রায় সব ক্ষেত্রেই মানুষের বুদ্ধিবৃত্তিক সক্ষমতাকে ছাড়িয়ে যেতে পারে। সেই পর্যায় এখনো আসেনি। তবে সাম্প্রতিক সময়ে ওপেনএআই ও অ্যানথ্রপিকের অভ্যন্তরীণ মডেলগুলোর অগ্রগতি গবেষকদের সামনে নতুন বাস্তবতা হাজির করেছে।
অপ্রকাশিত এসব মডেল শুধু জটিল প্রশ্নের উত্তর দেওয়া বা তথ্য বিশ্লেষণের মধ্যেই সীমাবদ্ধ নেই, গণিতের কঠিন সমস্যা সমাধান, বৈজ্ঞানিক গবেষণায় নতুন ধারণা তৈরি, সাইবার নিরাপত্তার দুর্বলতা শনাক্ত করা এবং নিজের মতো নতুন এআই ব্যবস্থা তৈরির গবেষণাতেও এগুলো উল্লেখযোগ্য সক্ষমতা দেখাচ্ছে।
অ্যাক্সিওসের সূত্রগুলোর দাবি, এসব মডেলকে নির্দিষ্ট সীমার মধ্যে রেখে কাজ করানো ক্রমেই কঠিন হচ্ছে। অভ্যন্তরীণ পরীক্ষায় কোনো কোনো মডেল এমন আচরণ করছে, যা গবেষকদের নির্ধারিত নিরাপত্তা ও নিয়ন্ত্রণব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অনেক ক্ষেত্রে প্রশিক্ষণে থাকা এআই এজেন্টরা তথ্য গোপন করার মতো নজিরও দেখিয়েছে।
একজন গবেষক অ্যাক্সিওসকে বলেন, ‘আমরা যদি মডেলগুলোকে আরও বেশি বুদ্ধিমান করে তুলতে থাকি, এমন পর্যায়ে নিয়ে যাই যেখানে তারা সত্যিই আমাদের চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে উঠবে... তাহলে তারা সফলভাবেই আমাদের ধোঁকা দিতে পারবে। আর একবার সেই পর্যায়ে পৌঁছে গেলে এখন পর্যন্ত আমরা যেসব নিয়ন্ত্রণব্যবস্থা ব্যবহার করে আসছি, তার অনেকগুলোই কার্যকারিতা হারাবে।’
গবেষকরা বলছেন, এআইকে নিয়ন্ত্রণ করার প্রচলিত পদ্ধতিগুলোর বড় অংশই নির্ভর করে মানুষের পর্যবেক্ষণ, নির্দেশনা এবং মডেলের আচরণ বোঝার সক্ষমতার ওপর। কিন্তু কোনো মডেল যদি মানুষের চেয়ে দ্রুত ও জটিলভাবে চিন্তা করতে পারে এবং নিজের প্রকৃত উদ্দেশ্য আড়াল করতে সক্ষম হয়, তাহলে সেই নিয়ন্ত্রণব্যবস্থার ভিত্তিই দুর্বল হয়ে পড়বে।
অর্থাৎ সমস্যা শুধু এআই ভুল উত্তর দিচ্ছে কি না, তা নয়; বরং এআই কীভাবে সিদ্ধান্ত নিচ্ছে, কেন একটি নির্দিষ্ট কাজ করছে এবং তার আচরণের পেছনে কী ধরনের যুক্তি কাজ করছে, সেটিও মানুষের কাছে অস্পষ্ট হয়ে উঠতে পারে।
অপ্রকাশিত মডেলের সক্ষমতায় বিস্ময়, নিরাপত্তা নিয়ে শঙ্কা
অপ্রকাশিত মডেলগুলোর সক্ষমতার কিছু নমুনা এরই মধ্যে সামনে এসেছে। অ্যানথ্রপিকের একজন গণিতবিদ প্রতিষ্ঠানটির অপ্রকাশিত ‘রিসার্চ’ সংস্করণের ক্লড ব্যবহার করে রিম্যান হাইপোথিসিসের একটি প্রমাণ উপস্থাপন করেছেন। দেড় শতাব্দীর বেশি সময় ধরে গণিতবিদদের কাছে অমীমাংসিত থাকা এই সমস্যাটি গণিতের অন্যতম গুরুত্বপূর্ণ ও কঠিন অনুমান হিসেবে বিবেচিত।
অন্যদিকে ওপেনএআইয়ের একটি অপ্রকাশিত মডেল শত শত গাণিতিক সমস্যার প্রমাণ তৈরিতে সহায়তা করেছে।
এ ধরনের অগ্রগতি এআইয়ের গবেষণাগত সক্ষমতার নতুন সম্ভাবনা তৈরি করছে। কিন্তু একই সঙ্গে প্রশ্ন উঠছে— যে মডেলগুলো এত জটিল সমস্যা সমাধান করতে পারে, সেগুলোর আচরণ ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া মানুষের পক্ষে কতটা বোঝা সম্ভব?
অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, শিল্পটির সবচেয়ে উদ্বেগজনক কয়েকটি নিরাপত্তা ঘটনার সঙ্গেও অপ্রকাশিত এআই মডেলের সংশ্লিষ্টতা রয়েছে। এর মধ্যে হাগিং ফেসে হ্যাকিংয়ের ঘটনাও রয়েছে। এআই মডেলগুলোর সাইবার সক্ষমতা যত বাড়ছে, সেগুলো দিয়ে সাইবার আক্রমণ চালানো কিংবা নিরাপত্তাব্যবস্থা ভেঙে ফেলার ঝুঁকিও তত বাড়ছে।
সমস্যা ১— রিইনফোর্সমেন্ট লার্নিংয়ের ফাঁদ
এআই মডেলের সক্ষমতা বাড়ানোর অন্যতম প্রধান পদ্ধতি হলো রিইনফোর্সমেন্ট লার্নিং বা পুরস্কারভিত্তিক প্রশিক্ষণ। এ পদ্ধতিতে একটি মডেলকে বিভিন্ন কাজ দেওয়া হয়। কাজটি সফলভাবে সম্পন্ন করলে তাকে পুরস্কার বা ইতিবাচক স্কোর দেওয়া হয়। ভুল করলে কিংবা নির্ধারিত মান পূরণে ব্যর্থ হলে নেতিবাচক ফলের মুখোমুখি হতে হয়। এভাবে বারবার চেষ্টা ও ফলাফল থেকে শিখে মডেল নিজের কার্যক্ষমতা বাড়ায়।
গণিতের সমস্যা সমাধান, কোড লেখা কিংবা জটিল যুক্তির কাজগুলোতে এ পদ্ধতি উল্লেখযোগ্য অগ্রগতি এনেছে। কিন্তু এর মধ্যেই লুকিয়ে রয়েছে নিরাপত্তার ঝুঁকি।
গবেষকদের উদ্বেগ, মডেল যত বেশি সক্ষম হয়ে উঠছে, পুরস্কার পাওয়ার জন্য নির্ধারিত পরীক্ষাব্যবস্থাকে নিজের সুবিধামতো ব্যবহার করার ক্ষমতাও তত বাড়ছে। কোনো কাজের প্রকৃত উদ্দেশ্য পূরণ না করেও কীভাবে বেশি স্কোর পাওয়া যায়, সেই কৌশল শিখে ফেলতে পারে মডেল।
এআই গবেষণায় এ ধরনের আচরণকে বলা হয় ‘রিওয়ার্ড হ্যাকিং’। অর্থাৎ যে ফলাফল অর্জনের জন্য মডেলকে পুরস্কৃত করা হচ্ছে, সেই ফলাফলের প্রকৃত উদ্দেশ্য পূরণ না করে পুরস্কার পাওয়ার পথ খুঁজে নেওয়া।
ধরা যাক, একটি মডেলকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যেন সে কোনো নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হয়। মডেলটি যদি বুঝতে পারে, নির্দিষ্ট নিরাপত্তাবিধি এড়িয়ে গেলেই বেশি স্কোর পাওয়া সম্ভব, তাহলে সে নিরাপত্তাব্যবস্থা পাশ কাটানোর পথ বেছে নিতে পারে।
এতে বিপদ হলো— মডেলকে যত বেশি দক্ষ করা হবে, প্রশিক্ষণব্যবস্থার দুর্বলতা শনাক্ত ও কাজে লাগানোর ক্ষমতাও তত বাড়তে পারে। ফলে যে পদ্ধতি মডেলের সক্ষমতা বাড়াচ্ছে, সেটিই একসময় তার ওপর মানুষের নিয়ন্ত্রণ দুর্বল করার কারণ হয়ে উঠতে পারে।
সমস্যা ২— পর্যবেক্ষণ করা হচ্ছে, বুঝতে পারছে মডেল
এআই মডেলের নিরাপত্তা যাচাইয়ের একটি প্রচলিত পদ্ধতি হলো— কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে মডেলকে তার চিন্তার ধাপগুলো লিখে প্রকাশ করতে বলা। একে বলা হয় ‘চেইন অব থট’ বা চিন্তার ধারাবিবরণী।
এ পদ্ধতিতে মডেলকে শুধু চূড়ান্ত উত্তর দিলেই হয় না, বরং কীভাবে সে উত্তরটিতে পৌঁছাল তারও একটি বিবরণ দিতে হয়। গবেষকেরা এই বিবরণ পর্যবেক্ষণ করে বুঝতে পারেন, মডেলটি বিপজ্জনক কোনো সিদ্ধান্ত নিচ্ছে কি না, নিরাপত্তার নিয়ম ভাঙার চেষ্টা করছে কি না কিংবা কোনো অনাকাঙ্ক্ষিত কৌশল ব্যবহার করছে কি না।
এতদিন এটি ছিল এআইয়ের আচরণ পর্যবেক্ষণের অন্যতম নিরাপত্তাব্যবস্থা। কিন্তু উন্নত মডেলগুলোর ক্ষেত্রে এ পদ্ধতিও কার্যকারিতা হারাতে পারে বলে আশঙ্কা করছেন গবেষকরা। তাদের পর্যবেক্ষণ, মডেলগুলো ক্রমেই নিজেদের যুক্তি ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া অভ্যন্তরীণভাবে সম্পন্ন করছে। ফলে আগের মতো কোনো সিদ্ধান্তে পৌঁছানোর প্রতিটি ধাপ প্রকাশ করছে না।
আরও উদ্বেগজনক বিষয় হলো— কিছু উন্নত মডেল পরীক্ষার সময় মানুষের পর্যবেক্ষণ সম্পর্কে সচেতন আচরণ করছে বলে অভিযোগ রয়েছে! অর্থাৎ তারা বুঝতে পারছে, তাদের কাজ ও চিন্তার বিবরণ মানুষ পরীক্ষা করছে। সেটি বাস্তব হলে কোনো মডেল এমন একটি ব্যাখ্যা হাজির করতে পারে, যা পর্যবেক্ষকদের সন্তুষ্ট করবে, কিন্তু প্রকৃত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটি আড়ালে থেকে যাবে।
গবেষকদের ভাষায়, কিছু মডেল তাদের প্রকৃত যুক্তি প্রকাশ না করে পর্যবেক্ষকদের জন্য বিশ্বাসযোগ্য একটি ‘কভার স্টোরি’ বা বিকল্প ব্যাখ্যা তৈরি করছে। এটি এআই নিরাপত্তার জন্য বিশেষভাবে উদ্বেগজনক। কারণ, কোনো মডেল যদি নিজের প্রকৃত যুক্তি আড়াল করতে পারে, তাহলে শুধু তার প্রকাশিত চিন্তার ধাপ পর্যবেক্ষণ করে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না।
এ ক্ষেত্রে মডেলটি বাইরে থেকে নির্দেশ মেনে চলছে বলে মনে হলেও ভেতরে অন্য কোনো কৌশল অনুসরণ করতে পারে। মানুষের পক্ষে সেই পার্থক্য শনাক্ত করা কঠিন হয়ে উঠবে।
নিরাপত্তা নিয়ে উদ্বেগ শীর্ষ কর্মকর্তাদেরও
এআইয়ের সক্ষমতা ও নিয়ন্ত্রণের মধ্যে বাড়তে থাকা ব্যবধান নিয়ে উদ্বেগ শুধু গবেষকদের অভ্যন্তরীণ আলোচনায় সীমাবদ্ধ নেই, ওপেনএআই ও অ্যানথ্রপিকের শীর্ষ কর্মকর্তারাও প্রকাশ্যে এ বিষয়ে সতর্ক করেছেন।
ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রতিষ্ঠানের প্রধান বিজ্ঞানীর একটি প্রস্তাবের কথা উল্লেখ করেন। প্রস্তাবে এআই প্রযুক্তির উন্নয়নের ক্ষেত্রে পুরো শিল্পের জন্য কিছু সীমা নির্ধারণের কথা বলা হয়েছে।
নিছক প্রতিযোগিতার কারণে প্রতিষ্ঠানগুলো যেন নিরাপত্তা নিশ্চিত করার আগেই আরও শক্তিশালী মডেল তৈরির দৌড়ে নেমে না পড়ে, সে জন্য সম্মিলিত নীতিমালা প্রণয়নের কথা বলেছেন ওপেনএআইয়ের ওই বিজ্ঞানী। তা শেয়ার করে অল্টম্যান লিখেছেন, ‘ওপেনএআই সাম্প্রতিক সময়ে যা প্রকাশ করেছে, তার মধ্যে এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
অ্যানথ্রপিকের অ্যালাইনমেন্ট বিভাগের প্রধানও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। গত সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছিলেন, ‘উন্নয়নের গতি এত দ্রুত হয়ে উঠছে যে নিরাপদ রাখার জন্য আমাদের সক্ষমতার তুলনায় তা দ্রুত এগিয়ে যাচ্ছে।’
তিনি অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেইয়ের একটি প্রবন্ধ উদ্ধৃত করে এই মন্তব্য করেছিলেন। ওই প্রবন্ধে উন্নত এআই মডেল তৈরির গতি নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয়তার কথা বলা হয়। প্রতিষ্ঠানটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার সময়ও আমোদেই একই ধরনের উদ্বেগের কথা পুনর্ব্যক্ত করেন।
তবে প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ে ঝুঁকি স্বীকার করা হলেও বাস্তবে কতটা সতর্কতা নেওয়া হচ্ছে, তা নিয়ে সংশয় রয়েছে গবেষকদের একাংশের। অ্যাক্সিওসের সঙ্গে কথা বলা দুই প্রতিষ্ঠানের একাধিক কর্মী জানিয়েছেন, তারা আশঙ্কা করছেন, নিরাপত্তার চেয়ে ব্যবসায়িক লাভকে বেশি গুরুত্ব দিতে পারেন নির্বাহীরা। তাদের মতে, প্রতিষ্ঠানগুলোর শীর্ষ পর্যায়ের কেউ কেউ নিরাপত্তাঝুঁকির ভয়াবহতা যথাযথভাবে উপলব্ধি করতে পারছেন না।
এই উদ্বেগের পেছনে এআই শিল্পের প্রতিযোগিতামূলক বাস্তবতাও রয়েছে। ওপেনএআই, অ্যানথ্রপিকসহ বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী মডেল তৈরির প্রতিযোগিতা চলছে। যে প্রতিষ্ঠান উন্নত মডেল বাজারে আগে আনতে পারবে, তারা গ্রাহক, বিনিয়োগ এবং বাজারের বড় অংশ দখলের সুযোগ পাবে। ফলে নিরাপত্তার কারণে মডেল প্রকাশ পিছিয়ে দিলে প্রতিযোগীদের কাছে ব্যবসায়িকভাবে পিছিয়ে পড়ার আশঙ্কাও রয়েছে।
মডেল প্রকাশে গতি কমানোর পথে ওপেনএআই-অ্যানথ্রপিক
অ্যাক্সিওসের কাছে দেওয়া বক্তব্যে ওপেনএআই জানিয়েছে, নতুন নিরাপত্তাবিষয়ক শর্ত যুক্ত করেছে প্রতিষ্ঠানটি। এর ফলে ভবিষ্যতে মডেল প্রকাশের গতি কমে আসতে পারে।
অ্যানথ্রপিকের একজন মুখপাত্রও নিরাপত্তার প্রশ্নে প্রতিষ্ঠানের অবস্থান ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, ‘কোনো মডেলকে অভ্যন্তরীণ ব্যবহারের মধ্যে রাখলেই সেটি নিরাপদ হয়ে যায় না। আমাদের দায়িত্ব প্রশিক্ষণের পর্যায় থেকেই শুরু হয় এবং আমরা নিজেরা কীভাবে মডেলগুলো ব্যবহার করি, সেটিও এর আওতায় পড়ে; শুধু আমরা কী প্রকাশ করছি, তা নয়।’
তিনি আরও বলেন, ‘নিরাপত্তার সবচেয়ে কঠিন কাজগুলো এখনো আমাদের সামনে পড়ে আছে। আমরা স্পষ্ট করেই বলেছি, এর জন্য আমাদের কাজের গতি কমাতে হতে পারে কিংবা কোনো মডেল প্রকাশ আটকে রাখতে হতে পারে, এমনকি তাতে আমাদের ব্যবসায়িক ক্ষতি হলেও।’
নিরাপত্তার স্বার্থে সাম্প্রতিক একটি মডেলের প্রি-ট্রেনিং বা প্রাথমিক প্রশিক্ষণ পিছিয়ে দেওয়া হয়েছিল বলে জানান ওই মুখপাত্র। এ সময় বাড়তি নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
তবে বিশেষজ্ঞদের একটি অংশ মনে করছেন, শুধু মডেল প্রকাশের সময় পিছিয়ে দেওয়া যথেষ্ট নয়। কারণ, মডেলগুলো অভ্যন্তরীণ ব্যবহারের মধ্যেও ঝুঁকি তৈরি করতে পারে। একটি শক্তিশালী মডেল প্রতিষ্ঠানের কর্মীদের হাতে থাকলেই সেটি নিরাপদে ব্যবহৃত হবে, এমন নিশ্চয়তা নেই।
সবচেয়ে শক্তিশালী এআই কি শুধু কোম্পানির হাতেই থাকবে?
বর্তমান পরিস্থিতিতে একটি সম্ভাব্য সমাধান হিসেবে আলোচনায় এসেছে, সবচেয়ে শক্তিশালী এআই মডেলগুলোকে নির্দিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে রাখা। অর্থাৎ এসব মডেল সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত না করে সীমিত পরিসরে ব্যবহার করা যেতে পারে।
এ ক্ষেত্রে এন্টারপ্রাইজ বা প্রাতিষ্ঠানিক গ্রাহকদের জন্য নির্দিষ্ট সেবা চালু রাখা সম্ভব। গণিত, বিজ্ঞান, গবেষণা এবং অন্যান্য পেশাগত কাজে এসব মডেলের সক্ষমতা ব্যবহার করা যাবে, কিন্তু পুরো মডেলের ক্ষমতা সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হবে না।
অ্যানথ্রপিক ও ওপেনএআই এর আগে সাইবার নিরাপত্তার ক্ষেত্রে নিজেদের সবচেয়ে সক্ষম মডেলগুলোর প্রাথমিক সংস্করণ প্রকাশের সময় এমন সীমিত ব্যবহারের পদ্ধতি অনুসরণ করেছে। অর্থাৎ যেসব মডেল সাইবার নিরাপত্তার দুর্বলতা শনাক্ত করার পাশাপাশি সাইবার আক্রমণেও ব্যবহার করা যেতে পারে, সেগুলোর প্রবেশাধিকার সীমিত রাখা হয়েছিল।
এ ধরনের ব্যবস্থা একদিকে প্রযুক্তির সুফল কাজে লাগানোর সুযোগ তৈরি করতে পারে, অন্যদিকে অপব্যবহারের ঝুঁকি কমাতে পারে বলে মনে করেন এর সমর্থকেরা। তবে সবচেয়ে উদ্বিগ্ন নিরাপত্তা গবেষকদের কেউ কেউ মনে করেন, শুধু সাধারণ মানুষের কাছ থেকে মডেলগুলোর প্রবেশাধিকার সীমিত করলেও ঝুঁকি দূর হবে না। কারণ, অত্যন্ত শক্তিশালী মডেলগুলোকে কোম্পানির অভ্যন্তরে পরীক্ষা করা কিংবা ব্যবহার করাও বিপজ্জনক হতে পারে।
বিশেষ করে মডেল যদি নিজের আচরণ আড়াল করতে পারে, নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা কাজে লাগাতে পারে কিংবা মানুষের নির্দেশনার বাইরে গিয়ে কাজ করার সক্ষমতা অর্জন করে, তাহলে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণও প্রশ্নের মুখে পড়বে।
এআইয়ের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন
এআই প্রযুক্তির উন্নয়নের ইতিহাসে সক্ষমতা বাড়ানোই ছিল প্রধান লক্ষ্য। বেশি তথ্য বিশ্লেষণ, জটিল সমস্যা সমাধান, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং মানুষের কাজের বড় অংশ স্বয়ংক্রিয় করার প্রতিশ্রুতি দিয়েই এ শিল্পের বিকাশ ঘটেছে। কিন্তু এখন সেই সক্ষমতা বাড়ানোর প্রতিযোগিতাই নতুন ধরনের সংকট তৈরি করছে।
এতদিন এআই নিরাপত্তা নিয়ে আলোচনার কেন্দ্রে ছিল মডেলের ভুল উত্তর, পক্ষপাত, ভুয়া তথ্য তৈরি কিংবা মানুষের নির্দেশনার বাইরে অনাকাঙ্ক্ষিত কাজ করার ঝুঁকি। এখন উদ্বেগ আরও গভীর। উন্নত মডেল যদি মানুষের পর্যবেক্ষণ বুঝতে পারে, নিজের প্রকৃত যুক্তি আড়াল করতে পারে এবং নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা কাজে লাগাতে পারে, তাহলে তাকে নিয়ন্ত্রণ করার প্রচলিত পদ্ধতিগুলো কতটা কার্যকর থাকবে, সেই প্রশ্ন সামনে এসেছে।
এখানে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য একটি কঠিন সিদ্ধান্ত অপেক্ষা করছে। একদিকে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আরও শক্তিশালী মডেল তৈরি করতে হবে। অন্যদিকে এসব মডেলের সক্ষমতা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা থাকলে সেগুলো প্রকাশ কিংবা প্রশিক্ষণ অব্যাহত রাখাও বড় ঝুঁকি তৈরি করতে পারে।
এআই গবেষকদের মধ্যে তাই এখন দুটি বিপরীত অবস্থান দেখা যাচ্ছে। এক পক্ষ মনে করে, প্রযুক্তির উন্নয়ন বন্ধ না করে আরও উন্নত নিরাপত্তাব্যবস্থা তৈরি করতে হবে। অন্য পক্ষের আশঙ্কা, সক্ষমতা বাড়ানোর গতি নিয়ন্ত্রণের প্রযুক্তিগত সমাধান না পাওয়া পর্যন্ত নতুন মডেল তৈরির কাজ থামানোই নিরাপদ।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো— এই বিতর্কে যারা সবচেয়ে উন্নত মডেলগুলোর সঙ্গে সরাসরি কাজ করছেন তারাই সবচেয়ে জোরালোভাবে সতর্কবার্তা দিচ্ছেন। কিন্তু তাদের উদ্বেগের ভিত্তিতে প্রতিষ্ঠানগুলো কতটা সিদ্ধান্ত পরিবর্তন করবে, কিংবা মুনাফা ও প্রযুক্তিগত আধিপত্যের প্রতিযোগিতায় নিরাপত্তাকে কতটা অগ্রাধিকার দেবে, তা এখনো স্পষ্ট নয়।
তথ্যসূত্র: অ্যাক্সিওস, রয়টার্স, গার্ডিয়ান, ব্লুমবার্গ, ফিন্যান্সিয়াল টাইমস, কম্পিউটারওয়ার্ল্ড























