দেশের অভ্যন্তরে অপতৎপরতা বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সীমান্তের ওপারে কী হচ্ছে, তা জানা না থাকলেও বাংলাদেশের অভ্যন্তরে কোনো ধরনের অপতৎপরতা চালানোর সুযোগ কাউকে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দেশের যেকোনো ধরনের অস্থিরতা সৃষ্টির চেষ্টা নস্যাৎ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন তিনি। সাম্প্রতিক সহিংসতায় আহত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখতে গিয়ে শনিবার এসব কথা বলেন তিনি।

শনিবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত সদস্যদের দেখতে যান স্বরাষ্ট্রমন্ত্রী। সম্প্রতি গোপালগঞ্জ, গাজীপুরসহ বিভিন্ন এলাকায় সহিংসতায় আহত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের খোঁজখবর নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সীমান্তের ওপার থেকে জ্বালাও-পোড়াওয়ের ঘোষণা এবং দেশের কয়েকটি জায়গায় ইউনিয়ন পর্যায়ে মশাল মিছিলের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, এসব ঘটনা খুবই বিচ্ছিন্ন।

সীমান্ত এলাকায় বিজিবির অবস্থান নিয়ে প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, সীমান্তের ওপারে কে কী করছে, তা তারা জানেন না। তবে বাংলাদেশের অভ্যন্তরে কেউ কোনো অপতৎপরতা চালাতে পারবে না। বাংলাদেশ দখল নিয়ে ভারতের কয়েকজনের বক্তব্যের বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। কারও অপ্রাসঙ্গিক, অপাঙ্‌ক্তেয় ও অরাজনৈতিক কথাবার্তার জবাব তিনি দেবেন না।

সাম্প্রতিক সহিংসতায় পুলিশ, র‍্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বিজিবি ও আনসার ব্যাটালিয়নের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তাদের মধ্যে কেউ গুরুতর আহত হয়েছেন, কারও মাথায় আঘাত রয়েছে, আবার কারও হাড় ভেঙেছে। ইতিমধ্যে অনেকে চিকিৎসা নিয়েছেন। তবে বেশ কয়েকজনকে দীর্ঘদিন চিকিৎসা নিতে হবে এবং বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন হবে। আহত সদস্যদের পুলিশ পদকসহ বিভিন্নভাবে পুরস্কৃত করা হবে বলেও জানান তিনি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চাকরিতে যোগ দেওয়ার সময় জনগণের জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার শপথ নেন উল্লেখ করে মন্ত্রী বলেন, বাহিনী এখন শৃঙ্খলায় ফিরেছে এবং জন আস্থা অর্জন করেছে। তারা ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে। শ্রমিক অসন্তোষের সময় সদস্যরা আহত হলেও কোনো শ্রমিকের গায়ে হাত দেননি। কোনো শ্রমিক আহত হননি, প্রাণহানিও ঘটেনি। বিষয়টি দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে। অস্থিরতা মোকাবিলায় বাহিনী সব সময় প্রস্তুত থাকে বলেও জানান তিনি।

জ্বালাও-পোড়াও এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিক ভাই-বোনেরা অত্যন্ত সন্তুষ্ট। মজুরি বোর্ডের ন্যূনতম মজুরি ঘোষণাকে তারা স্বাগত জানিয়েছেন এবং শৃঙ্খলা বজায় রেখেছেন। তবে কিছু শ্রমিক নামধারী ব্যক্তি শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টির অসৎ পাঁয়তারা করছেন। তারা সফল হবেন না বলে মন্তব্য করেন তিনি। কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পরিদর্শনকালে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির উপস্থিত ছিলেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad