ঢাকা-কুমিল্লা কর্ড রেললাইনের পুরোটাই হবে উড়ালপথে, ব্যয় ৮৩ হাজার কোটি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত বিকল্প রেললাইন পুরোপুরি উড়ালপথে নির্মাণের পরিকল্পনা করছে সরকার। এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত বিকল্প রেললাইন পুরোপুরি উড়ালপথে নির্মাণের পরিকল্পনা করছে সরকার। এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি

ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত বিকল্প রেলপথ বা কর্ডলাইন পুরোপুরি উড়ালপথে নির্মাণের পরিকল্পনা করছে সরকার। প্রায় ৮৩ হাজার কোটি টাকা ব্যয়ের এ প্রকল্প বাস্তবায়িত হলে ভূমি অধিগ্রহণের প্রয়োজন কমবে এবং নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হবে। একই সঙ্গে ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে মাটি ও উড়ালপথের সমন্বয়ে নির্মাণের পরিকল্পনা রয়েছে।

এদিকে আগামী জানুয়ারিতে শেষ হচ্ছে বাংলাদেশ রেলওয়ের টিকিটিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সহজ-সিনেসিস-ভিনসেন জেভির সঙ্গে চুক্তির মেয়াদ। যাত্রীদের ভোগান্তি ও সেবার মান নিয়ে অসন্তোষের কারণে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। নতুন সেবাদাতা নিয়োগে ইতোমধ্যে উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সম্মেলনকক্ষে রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোড (আরআরআর) আয়োজিত ‘সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের কার্যক্রম অবহিতকরণ’ শীর্ষক কর্মশালায় এসব তথ্য জানানো হয়।

টিকিটিং সেবায় নতুন প্রতিষ্ঠান নিয়োগ

কর্মশালায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন জানান, প্রায় পাঁচ বছর ধরে টিকিটিং সেবা দিয়ে আসা সহজ-সিনেসিস ডটকমের সঙ্গে চুক্তির মেয়াদ আগামী জানুয়ারিতে শেষ হচ্ছে। প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি নবায়নের সুযোগ রাখা হচ্ছে না।

রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোড (আরআরআর) আয়োজিত ‘সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের কার্যক্রম অবহিতকরণ’ শীর্ষক কর্মশালা। ছবি: সংগৃহীত
রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোড (আরআরআর) আয়োজিত ‘সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের কার্যক্রম অবহিতকরণ’ শীর্ষক কর্মশালা। ছবি: সংগৃহীত

তিনি বলেন, ‘নতুন সার্ভিস প্রোভাইডার নিয়োগের জন্য ইতোমধ্যে উন্মুক্ত টেন্ডার করা হয়েছে। এতে যোগ্য যে কেউ অংশ নিতে পারবেন; প্রতিযোগিতার মাধ্যমে সর্বনিম্ন দরদাতা এবং সক্ষমতা যাচাই করেই নতুন প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হবে।’

সকাল ৮টায় টিকিট বিক্রি শুরুর কয়েক সেকেন্ডের মধ্যে ওয়েবসাইট ও ‘রেল সেবা’ অ্যাপে আসন শেষ হয়ে যাওয়া, টাকা কেটে নেওয়ার পরও টিকিট না পাওয়া এবং অর্থ ফেরত পেতে দীর্ঘ সময় অপেক্ষা করার মতো অভিযোগ রয়েছে সহজের বিরুদ্ধে। এসব কারণে প্রতিষ্ঠানটির সেবা নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

যোগাযোগ খাতে বড় পরিবর্তনের পরিকল্পনা

কর্মশালার বিশেষ অধিবেশনে সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, দ্বিতীয় পদ্মা সেতু, ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ঢাকা-কুমিল্লা কর্ডলাইনসহ গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো আগামী পাঁচ বছরে বাস্তবায়ন করা গেলে দেশের যোগাযোগব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।

কর্মশালায় বক্তব্য দেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: সংগৃহীত
কর্মশালায় বক্তব্য দেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: সংগৃহীত

ঢাকা-কুমিল্লা কর্ডলাইন নিয়ে মন্ত্রী বলেন, প্রায় ৮৩ হাজার কোটি টাকা ব্যয়ের এ বিকল্প রেলপথ পুরোপুরি উড়ালপথে নির্মাণের পরিকল্পনা রয়েছে। এতে ভূমি অধিগ্রহণের পরিমাণ ও প্রকল্প বাস্তবায়নের জটিলতা কমবে। পাশাপাশি তুলনামূলক কম সময়ে কাজ শেষ করা সম্ভব হবে।

অন্যদিকে ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে আংশিক উড়ালপথে এবং আংশিক মাটিতে নির্মাণের একটি ব্যয়সাশ্রয়ী বিকল্প নিয়ে কাজ চলছে। প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়া গেলে এক বছরের মধ্যে এ প্রকল্পের কাজ শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

২০২৯ সালের মধ্যে যুক্ত হবে ৮০টি নতুন ইঞ্জিন

কর্মশালায় রেলওয়ের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম। তিনি জানান, বর্তমানে রেলওয়ে লোকসানে রয়েছে। পণ্য পরিবহনে রেলের অংশীদারত্ব বর্তমানের ২ থেকে ৩ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশে নেওয়া গেলে প্রতিষ্ঠানটি লাভ-লোকসানের সমতা বা ‘ব্রেক ইভেন’ পর্যায়ে পৌঁছাতে পারবে।

ইঞ্জিন ও কোচের সংকট মোকাবিলায় ২০২৯ সালের মধ্যে নতুন ৮০টি লোকোমোটিভ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এ জন্য এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) ও বিশ্বব্যাংকের অর্থায়ন নেওয়া হচ্ছে।

এ ছাড়া পাইপলাইনে থাকা ৪০০টির বেশি নতুন কোচ যুক্ত হলে দূরপাল্লার ট্রেনের পুরোনো কোচগুলো মেরামত করে স্থানীয় কমিউটার ট্রেনে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। আগামী ফেব্রুয়ারিতে ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেন চালুর আশাও প্রকাশ করেন রেলপথ সচিব।

চালু হবে বন্ধ থাকা ৬০-৭০টি লোকাল ট্রেন

রেলপথ সচিব জানান, লুপ লাইন মেরামতের মাধ্যমে পর্যায়ক্রমে বন্ধ থাকা ৬০ থেকে ৭০টি লোকাল ও কমিউটার ট্রেন আবার চালু করা হবে। লোকবল সংকট মোকাবিলা এবং বিনা টিকিটে ভ্রমণ বন্ধে লোকাল ও মেইল ট্রেন পরিচালনায় বেসরকারি অপারেটরদের আরও উৎসাহিত করা হচ্ছে।

রেলওয়ের কারখানাগুলোর সক্ষমতা বাড়াতেও উদ্যোগ নেওয়া হয়েছে। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইএসডিবি) অর্থায়নে সৈয়দপুর ও পার্বতীপুর রেলওয়ে কারখানা আধুনিকায়ন করা হবে। এ ছাড়া নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (এনডিবি) অর্থায়নে রাজবাড়ীতে ১০৫ একর জমির ওপর নতুন ক্যারেজ ওয়ার্কশপ নির্মাণের পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে ভুয়া নামজারি ও অবহেলার কারণে বেহাত হওয়া রেলের জমি উদ্ধারে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। জমির সঠিক হিসাব সংরক্ষণে সারা দেশে ‘রেলওয়ে এস্টেট ম্যানেজমেন্ট সফটওয়্যার’ (রেমস) চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মশালায় মন্ত্রী রবিউল আলম দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্ব দিয়ে খণ্ডিত তথ্যের পরিবর্তে পূর্ণাঙ্গ তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান। সড়ক ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং গঠনমূলক সমালোচনার মাধ্যমে সেবার মান উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

দিনব্যাপী এ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন আরআরআর সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, নৌপরিবহন সচিব মো. আতাউর রহমান খান, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম, ডিটিসিএর নির্বাহী পরিচালক সৈয়দ মইনুল হাসান এবং বুয়েটের অধ্যাপক মো. আসিফ রায়হানসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad