জাতীয় তাফসির প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে মাহমুদুল ও ‘খ’ গ্রুপে নাঈমুর প্রথম
-be2ee0-480x270.webp)
দেশে প্রথমবারের মতো আয়োজিত জাতীয় তাফসির প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ‘ক’ গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন ঝালকাঠির হাফেজ মাহমুদুল হাসান এবং ‘খ’ গ্রুপে প্রথম হয়েছেন টাঙ্গাইলের মুফতী নাঈমুর রহমান নাঈম।
ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এ প্রতিযোগিতার জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্ব গত ১৯ নভেম্বর ও আজ শনিবার (২১ নভেম্বর) অনুষ্ঠিত হয়। বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এই পর্বে দেশের আট বিভাগ থেকে নির্বাচিত ৪৮ জন প্রতিযোগী অংশ নেন।
চূড়ান্ত ফলাফলে ‘ক’ গ্রুপে দ্বিতীয় হয়েছেন নীলফামারীর জুবায়ের হোসাইন জিশান এবং তৃতীয় স্থান অধিকার করেছেন ময়মনসিংহের আবদুল্লাহ আল মামুন ফুয়াদ। অপরদিকে, ‘খ’ গ্রুপে দ্বিতীয় হয়েছেন ঢাকার মো. নাছিমুল হক ছাদী এবং তৃতীয় হয়েছেন ময়মনসিংহের মাসউদ রিদওয়ান।
জাতীয় পর্যায়ে উভয় গ্রুপের প্রথম স্থান অধিকারীকে ২ লাখ টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারীকে ১ লাখ টাকা নগদ অর্থ পুরস্কারের পাশাপাশি ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হবে।
প্রতিযোগিতাটি দুটি গ্রুপে ভাগ করে আয়োজন করা হয়। ফাজিল, জালালাইন, দাওরায়ে হাদিস ও কামিল পর্যায়ের পাশাপাশি আরবি ও ইসলামিক স্টাডিজ বিষয়ের শিক্ষার্থীরা ‘ক’ গ্রুপে অংশ নেন। আর কামিল ও দাওরায়ে হাদিস উত্তীর্ণ এবং আরবি ও ইসলামিক স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রিধারী মাদ্রাসাশিক্ষক, খতিব, ইমাম, গবেষক, দাঈ, ইসলামি লেখক, ওয়ায়েজ ও সংস্কৃতিকর্মীরা অংশ নেন ‘খ’ গ্রুপে।
বিভাগীয় পর্যায়ের মাধ্যমে শুরু হওয়া এ প্রতিযোগিতায় দুই গ্রুপ মিলিয়ে মোট ২ হাজার ৫৮০ জন নিবন্ধন করেন; যার মধ্যে ‘ক’ গ্রুপে ১ হাজার ৪৩৫ জন এবং ‘খ’ গ্রুপে ১ হাজার ১৪৫ জন ছিলেন। গত ১০ অক্টোবর ২০২৬ তারিখে আটটি বিভাগীয় শহরে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর মৌখিক পরীক্ষার মাধ্যমে বিভাগীয় পর্যায়ের সেরা তিনজন করে নির্বাচন করা হয়। বিভাগীয় পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে যথাক্রমে ২০ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার টাকা নগদ অর্থ পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
চূড়ান্ত পর্বের প্রস্তুতি হিসেবে বিভাগীয় পর্যায়ে নির্বাচিত ৪৮ জন বিজয়ীকে নিয়ে গত ৩১ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁও কার্যালয়ে ছয় দিনের আবাসিক প্রশিক্ষণ ও গ্রুমিং সেশন হয়। দেশের খ্যাতনামা ইসলামি স্কলাররা রিসোর্স পারসন হিসেবে অংশ নিয়ে প্রতিযোগীদের তাফসিরবিষয়ক জ্ঞান, দক্ষতা ও উপস্থাপনার মানোন্নয়নে প্রশিক্ষণ দেন।
ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়েছে, এই প্রতিযোগিতা ইসলামি জ্ঞানচর্চা, পবিত্র কুরআনের তাফসির অনুধাবন এবং যোগ্য ও দক্ষ মুফাসসির তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

















