জলবায়ু মোকাবিলায় ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশসহ ৬ দেশ

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ড (সিআইএফ) থেকে ৩০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান পাচ্ছে বাংলাদেশসহ ছয়টি দেশ। প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩৭২ কোটি টাকা।
প্রথমবারের মতো এই তহবিলের ‘অ্যাকসেলারেটিং রেজিলিয়েন্স ইনভেস্টমেন্টস অ্যান্ড ইনোভেশনস ফর সাসটেইনেবল ইকোনমিজ’ (এআরআইএসই) কর্মসূচির আওতায় দেশগুলোকে এ অর্থায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। শিগগিরই অর্থ ছাড় করা হবে বলে আশা করছে বাংলাদেশ সরকার।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের তরুণ জলবায়ু কর্মীদের তৎপরতার ফলে এই অনুদানের প্রতিশ্রুতি আদায় সম্ভব হয়েছে। অর্থ ছাড় হলে তা মূলত জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত উপকূলীয় জনগোষ্ঠীর দুর্যোগঝুঁকি কমানো এবং তাদের জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে।
সরকার চাইলে অর্থের একটি অংশ সবুজায়নের কাজেও ব্যবহার করতে পারবে বলে জানান প্রতিমন্ত্রী ফরিদুল। তবে অর্থ ব্যয়ের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত মানুষের স্বার্থই অগ্রাধিকার পাবে বলে জানান তিনি।
সিআইএফের এআরআইএসই কর্মসূচির আওতায় বাংলাদেশ ছাড়াও আরও পাঁচটি দেশ এ অর্থায়নের প্রতিশ্রুতি পেয়েছে। এর মধ্যে পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওন নিজেদের এই কর্মসূচির অগ্রাধিকারপ্রাপ্ত দেশ হিসেবে স্বীকৃতি পাওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।
দেশটির পরিবেশমন্ত্রী জিওহ ইমানুয়েল আবদুলাই বলেছেন, এ অর্থায়ন উপকূলীয় ভাঙন, বন্যা, পরিবেশের অবক্ষয় এবং কৃষি উৎপাদনের ওপর জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় কাজে লাগবে। একই সঙ্গে খাদ্য ও পানির নিরাপত্তা, মানুষের জীবিকা এবং জলবায়ু-সহনশীল অবকাঠামো উন্নয়নেও বিনিয়োগের সুযোগ তৈরি হবে।
এ অনুদান পেতে যাওয়া দেশের তালিকায় আরও রয়েছে— হাইতি, কিরগিজ ও মরক্কো। এ ছাড়া অঞ্চল হিসেবে মালাউয়ি ও মোজাম্বিকও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় এ অনুদান কাজে লাগানোর সুযোগ পাবে।
এআরআইএসই কর্মসূচির লক্ষ্য হলো উন্নয়নশীল দেশগুলোর জাতীয় উন্নয়ন পরিকল্পনায় জলবায়ু সহনশীলতাকে যুক্ত করা। এর মাধ্যমে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সুরক্ষা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং অর্থনীতিকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় আরও প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হয়।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ সফল হয়েছে। সিআইএফ থেকে তিন কোটি ডলারের অনুদানের প্রতিশ্রুতি পাওয়া দেশের জন্য একটি বড় অর্জন। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক পর্যায়ের এই অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ জানান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ নিজস্ব সক্ষমতা বাড়াতে চায়। এ লক্ষ্য সামনে রেখে আগামী মাসের মধ্যে কার্বন ক্রেডিট ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করবে সরকার।
বাংলাদেশের জন্য এই অর্থায়ন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এমন একসময়ে, যখন উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা, নদীভাঙন ও বন্যার ঝুঁকি বাড়ছে। এসব দুর্যোগ মানুষের বসতি, কৃষি, পানির উৎস ও জীবিকার ওপর চাপ তৈরি করছে। বিশেষ করে উপকূলের দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দীর্ঘমেয়াদি বিনিয়োগ প্রয়োজন।
সরকারের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, প্রস্তাবিত তিন কোটি ডলারের অনুদান এসব মানুষের দুর্যোগঝুঁকি কমানো এবং জীবনযাত্রার মান উন্নয়নে কাজে লাগানো হবে।
তবে অর্থ ছাড়ের নির্দিষ্ট সময়, বাংলাদেশের জন্য বরাদ্দের অর্থ ব্যবহারের বিস্তারিত পরিকল্পনা এবং ছয় দেশের মধ্যে অর্থ বণ্টনের অনুপাত সম্পর্কে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়নি।

















