সিলেটে আ.লীগের সাবেক এমপি হাবিবুরের বাড়িতে ভাঙচুর, আগুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়নের ধরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় অগ্নিসংযোগকারীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের পালটাপালটি ধাওয়া হয়। কয়েকটি মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়।
হাবিবুর রহমানের স্বজনদের অভিযোগ, সন্ধ্যা ছয়টার দিকে ১৫০ থেকে ২০০ জনের একটি দল বাড়িটিতে হামলা চালায়। তারা বাড়ির ড্রয়িংরুম ভাঙচুর করেন এবং সামনের অংশে আগুন ধরিয়ে দেন। এ সময় স্থানীয় কিছু বাসিন্দা দলবদ্ধ হয়ে তাদের ধাওয়া করেন। পালটাপালটি ধাওয়ার একপর্যায়ে কয়েকটি মোটরসাইকেল পড়ে গেলে সেগুলোতে আগুন দেওয়া হয়।
ঘটনার একাধিক ভিডিওতে বাড়ির উঠানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা চেয়ার ও সেগুলোতে আগুন জ্বলতে দেখা যায়। এ ছাড়া গ্রামের সড়কে কয়েকটি মোটরসাইকেলেও আগুন জ্বলতে দেখা গেছে। এ সময় লোকজনকে ছোটাছুটি করতে দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পলাতক রয়েছেন হাবিবুর রহমান। বর্তমানে বাড়িটিতে একজন তত্ত্বাবধায়কের পাশাপাশি তার স্বজনেরা থাকেন।
স্থানীয় একাধিক সূত্রের দাবি, শনিবার ভোরে সিলেট-৩ আসনের বর্তমান সংসদ সদস্য এম এ মালিকের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এর জের ধরেই সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে থাকতে পারে।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. আফজাল হোসেন বলেন, ওই আসনের বর্তমান সংসদ সদস্য এম এ মালিকের বাড়িতে আজ ভোরে পেট্রেল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এর প্রতিবাদে বিএনপি ও স্থানীয় লোকজন বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় মাইকে ঘোষণা দিয়ে কিছু ব্যক্তি মিছিলে হামলা চালান। পরে উভয় পক্ষে পালটাপালটি ধাওয়ার ঘটনা ঘটে।
তবে সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেনি বলে দাবি করেন পুলিশের এই কর্মকর্তা।

















-00fa1b-256x144.webp)