বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুন, পুড়েছে ব্যানার-ফেস্টুন

বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের সামনে থাকা কয়েকটি ব্যানার ও ফেস্টুন পুড়ে গেছে। এ ঘটনায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়ী করেছেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার। অন্যদিকে, অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ে আগুন দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দুই থেকে তিনজন অজ্ঞাতনামা যুবককে কার্যালয়ের সামনে আগুন দিতে দেখা যায়। আগুনে সেখানে থাকা কয়েকটি ব্যানার ও ফেস্টুন পুড়ে যায়।
বুধবার সকাল ১০টার দিকে উপজেলা বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। এ ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়ী করেন। তিনি বলেন, ‘সারা দেশে আওয়ামী লীগ আগুন-সন্ত্রাস শুরু করেছে। গতকাল রাতে নন্দীগ্রামের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আগুন দিয়েছে। আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
আলাউদ্দিন সরকার আরও বলেন, এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন তারা। অগ্নিসংযোগের ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।













