সাভার-আশুলিয়ায় ৩ বাসে আগুন
-00fa1b-480x270.webp)
সাভার ও আশুলিয়ার পৃথক তিনটি স্থানে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোরে এসব ঘটনা ঘটে। আগুনে বাসগুলোর ভেতরের অংশ পুড়ে গেলেও এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, ভোর ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন এলাকায় ঢাকাগামী লেনের পাশে রাখা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
তিনি বলেন, “পুলিশের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তবে আগুনে বাসটির ভেতরের অংশ সম্পূর্ণ পুড়ে গেছে।”
অন্যদিকে, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, এ দিন ভোরে থানার আওতাধীন পৃথক দুটি স্থানে আরও দুটি বাসে আগুন দেওয়া হয়।
নবীনগর-চন্দ্রা মহাসড়কের গণকবাড়ি এলাকায় পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের প্রধান ফটকের পাশে একটি বাসে এবং আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।
ওসি তরিকুল বলেন, ঘটনাগুলো নাশকতামূলক অগ্নিকাণ্ড কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।












