রাজশাহীতে বিদ্যুৎ উপকেন্দ্রে পরপর ২ দিন পেট্রোল বোমা নিক্ষেপ, ট্রান্সফরমারে আগুন

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১৫: ৩৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজশাহীতে পল্লী বিদ্যুৎ সমিতির একটি উপকেন্দ্রে পরপর দুই দিন পেট্রোল বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সর্বশেষ হামলায় তিনটি পেট্রোল বোমা বিস্ফোরিত হয়ে একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। এসব ঘটনায় বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

শুক্রবার গভীর রাতে পবা উপজেলার পারিলা ইউনিয়নের খড়খড়ি এলাকায় পবা-২ (খড়খড়ি) বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা চালানো হয়। রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের ডিজিএম (সদর-কারিগরি) সপ্তর্ষি পাল জানান, আট থেকে ১০ জন হামলাকারী উপকেন্দ্রে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ ও তিনটি গুলি ছোড়ে। এর মধ্যে তিনটি পেট্রোল বোমা বিস্ফোরিত হয়ে ট্রান্সফরমারে আগুন ধরে যায়।

উপকেন্দ্রে দায়িত্ব পালনরত লাইনম্যান ও কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে দ্রুত আগুন নেভান। তবে ট্রান্সফরমারটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। হামলার কারণে কিছু সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়। খবর পেয়ে মতিহার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারটি অবিস্ফোরিত পেট্রোল বোমা উদ্ধার করে।

সপ্তর্ষি পাল বলেন, আগের দিনের হামলার পর থানায় এফআইআর করা হয়েছিল। নিরাপত্তা ও টহল বাড়ানোর জন্য পুলিশ প্রশাসনকে অনুরোধ জানানো হয়। পাশাপাশি নিজস্ব নিরাপত্তাকর্মীর সংখ্যাও বাড়ানো হয়েছিল। প্রথম দিন দুজন কর্মী দায়িত্বে থাকলেও পরদিন চারজনকে রাখা হয়। হামলার সময় নিরাপত্তাকর্মীরা দায়িত্বে ছিলেন। খবর দেওয়ার ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও এর আগেই হামলাকারীরা পালিয়ে যায়।

নওহাটা সদর দপ্তরের লাইনম্যান মনির জানান, হামলাকারীরা কার্যালয়ে ঢুকে পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে ও পেট্রোল বোমা নিক্ষেপ করে। আগুন ধরে গেলে কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে তা নেভান। হামলাকারীদের মুখ বাঁধা ছিল। পরপর দুই দিনের হামলায় কর্মীরা নিরাপদ বোধ করছেন না উল্লেখ করে তিনি বলেন, এভাবে দায়িত্ব পালন করতে গেলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। মতিহার থানার ওসি আব্দুল মালেক বলেন, আগের দিনও উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিল, তবে তখন আগুন লাগেনি। দ্বিতীয় দিনের ঘটনায় বিস্ফোরণ ও আগুনের কারণে কিছু সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে এবং সরবরাহ স্বাভাবিক হয়। এ ঘটনায় থানায় মামলা করা হবে বলেও জানান তিনি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad