ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি— ‘ডিসেম্বরের পরও চাকরি করতে হবে’

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১৪: ৪৭
রাজশাহীর মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান (বাঁয়ে) এবং ছাত্রলীগের স্থানীয় নেতা রাকায়েদ হোসেন রুকু (ডানে)। ছবি: সংগৃহীত
রাজশাহীর মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান (বাঁয়ে) এবং ছাত্রলীগের স্থানীয় নেতা রাকায়েদ হোসেন রুকু (ডানে)। ছবি: সংগৃহীত

রাজশাহীর মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানকে ফোনে হুমকি দিয়েছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের স্থানীয় নেতা রাকায়েদ হোসেন রুকু। ছাত্রলীগের নেতাকর্মীদের হয়রানি না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ডিসেম্বরের পরও পুলিশ কর্মকর্তাদের মোহনপুরে চাকরি করতে হবে। এ-সংক্রান্ত ২ মিনিট ২৯ সেকেন্ডের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ছড়িয়ে পড়া অডিওতে রুকুকে প্রথমে ওসির খোঁজখবর নিতে শোনা যায়। ওসি জানান, তিনি নতুন যোগ দিয়েছেন এবং গত ৪ নভেম্বর মোহনপুর থানায় দায়িত্ব নিয়েছেন। এরপর রুকু নিজেকে এলাকার পরিচিত ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে বলেন, ওসি তাদের এলাকায় অতিথি হিসেবে চাকরি করতে এসেছেন এবং তারা অতিথির সম্মান করতে চান। তিনি আরও বলেন, মোহনপুর থানা ছাত্রলীগ মিছিল করেছে, যা ডিসেম্বর পর্যন্ত চলবে।

ফোনালাপে রুকু ওসিকে ছাত্রলীগের কোনো নেতা-কর্মীকে হয়রানি না করার অনুরোধ করেন। জবাবে ওসি বলেন, ‘হয়রানি না তো ভাই, মোহনপুর ছোটখাটো এলাকা। এসব করে লাভ হবে না।’ এরপর রুকু পুলিশ সদস্যদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। শেখ হাসিনার আমলে পুলিশ যতটা নিরাপদে ছিল, বর্তমান সরকারের আমলে সেই নিরাপত্তা আছে কি না, তা ওসিকে নিজের বিবেকের কাছে প্রশ্ন করতে বলেন তিনি। বাংলাদেশকে এ অবস্থা থেকে মুক্ত করার কথাও বলেন।

একপর্যায়ে রুকু বলেন, ‘আপনাদের পুলিশ হত্যার বিচার আমরা চাই। আমাদের সহযোগিতা করেন। কিন্তু আমাদের কোনো কর্মীকে যদি অযথা হয়রানি করেন ভাই, আমি ক্লিয়ার বলি— আপনাকে ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে। আপনাকে কিন্তু আবার আমি মোহনপুর থানায় আনব।’ পরে ওসিকে সম্মান করার কথা জানিয়ে ধন্যবাদ দিয়ে ফোনালাপ শেষ করেন তিনি। এ বিষয়ে বক্তব্য জানতে ওসি আতিকুর রহমানকে ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, বিষয়টি সম্পর্কে তারা অবগত আছেন। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের ফোন করে বিভিন্ন স্থানে হুমকি দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। পুলিশ সুপার ছুটিতে আছেন উল্লেখ করে সাবিনা ইয়াসমিন বলেন, তিনি ফিরলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad