সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেলের পুরনো বাড়িতে আগুন

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পৈতৃক বাড়িতে আগুন দেওয়া হয়েছে মঙ্গলবার রাতে। ইনসেটে সাবেক মন্ত্রী। ছবি: সংগৃহীত
গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পৈতৃক বাড়িতে আগুন দেওয়া হয়েছে মঙ্গলবার রাতে। ইনসেটে সাবেক মন্ত্রী। ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গাজীপুরের পুরনো টিনশেড বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।

কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে পুলিশ বা ফায়ার সার্ভিস কিছু বলতে পারেনি। সাবেক মন্ত্রীর পুরনো এই বাড়িতে আগুন দেওয়া হলেও পাশেই অবস্থিত তার আট তলা ভবনটি অক্ষত রয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর দক্ষিণ ছায়াবীথি (জোড় পুকুরপাড়) এলাকায় মোজাম্মেল হকের ওই বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। জুলাই অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি পলাতক।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পুরনো টিনশেড বাড়িতে আগুন দেওয়া হয়েছে। বাড়িটি ভাড়া দেওয়া হয়েছিল। রাত সাড়ে ৮টার দিকে একদল দুর্বৃত্ত বাড়ির ভাড়াটিয়াদের ঘর থেকে বের করে দিয়ে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। কে বা কারা আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি জানিয়ে ওসি আমিনুল বলেন, তদন্ত চলছে। প্রয়োজনীয় তথ্য জানানো হবে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী বলেন, একটি টিনশেড বাড়িতে আগুন লেগেছিল। আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad