রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু, পেছনের ফটক দিয়ে বের হলেন বিদ্যুৎমন্ত্রী

রাজশাহীর হজরত শাহ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের সামনে গ্রেনেডসদৃশ দুটি বস্তু উদ্ধার করা হয়েছে। এ সময় নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরের পেছনের ফটক দিয়ে বের হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে গ্রেনেডসদৃশ বস্তু দুটি উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজশাহী নগরের এয়ারপোর্ট থানার ওসি রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
-45dcb7.jpg)
ওসি রবিউল ইসলাম জানান, সকাল ১০টা ৫৫ মিনিটে স্থানীয় এক ব্যক্তি বিমানবন্দরে কর্মরত পুলিশ সদস্যদের গ্রেনেডসদৃশ দুটি বস্তু পড়ে থাকার বিষয়টি জানান। এরপর পুলিশ ওই স্থান ঘিরে রাখে। এর পাঁচ মিনিট আগে, সকাল ১০টা ৫০ মিনিটে একটি ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
“তখন তিনি বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ছিলেন। বস্তু উদ্ধারের বিষয়টি তাকে জানানোর পর নিরাপত্তার কারণে পেছনের ফটক দিয়ে তাকে বিমানবন্দর থেকে বের করে নেওয়া হয়। পরে সড়কপথে তিনি বগুড়ার উদ্দেশে রওনা হন,” বলেন ওসি রবিউল ইসলাম।
পুলিশ জানিয়েছে, গ্রেনেডসদৃশ বস্তু দুটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপকমিশনার গাজিউর রহমান বলেন, বস্তু দুটি পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।













-fb7c41-256x144.webp)

