চাঁদপুরে বাসা থেকে নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি
লুৎফুর নাহারের মরদেহ উদ্ধারের পরে বাসায় স্বজন ও প্রতিবেশিরা। ছবি: সংগৃহীত
লুৎফুর নাহারের মরদেহ উদ্ধারের পরে বাসায় স্বজন ও প্রতিবেশিরা। ছবি: সংগৃহীত

চাঁদপুর শহরের জোড়পুকুর পাড় এলাকার একটি ফ্ল্যাট থেকে লুৎফুর নাহার (৬২) নামে এক নারীর হাত-পা বাঁধা ও রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ জানান, বুধবার রাত ১১টার দিকে নাজিরা কমপ্লেক্সের সপ্তম তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত লুৎফুর নাহার সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ঢালিরঘাট এলাকার নাজির খান বাড়ির মৃত জয়নাল আবেদীন খানের স্ত্রী। গত ১ নভেম্বর নাজিরা কমপ্লেক্সের ওই ফ্ল্যাট ভাড়া নিয়ে তিনি একাই বসবাস শুরু করেন। তার এক ছেলে ও পাঁচ মেয়ে। ছেলে জাপানপ্রবাসী এবং মেয়েরা স্বামীর বাড়িতে থাকেন।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, বুধবার সন্ধ্যার পর থেকে লুৎফুর নাহারের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারছিলেন না স্বজনরা। পরে তার নাতি বাঁধন ভবনের নিরাপত্তাকর্মী দেলোয়ার হোসেন গাজীকে ফোন করে নানির খোঁজ নিতে বলেন। দেলোয়ার ফ্ল্যাটে গিয়ে দরজায় ধাক্কা দিলে সেটি খুলে যায়। ভেতরে ঢুকে খাটের ওপর লুৎফুর নাহারকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি।

নিরাপত্তাকর্মী দেলোয়ার বলেন, ঘটনার সময় তিনি মসজিদে এশার নামাজ আদায় করতে গিয়েছিলেন। পরে নাতির ফোন পেয়ে দ্রুত বাসায় ফিরে ওই নারীর মরদেহ দেখতে পান। তাৎক্ষণিক বিষয়টি ভবনমালিককে জানান।

ভবনমালিক আসিফ খান বলেন, রাত পৌনে ৯টার দিকে নিরাপত্তাকর্মী তাকে ফোনে বাসায় হত্যাকাণ্ডের খবর দেন। দ্রুত বাসায় গিয়ে ওই নারীকে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে জানান।

নিহতের চতুর্থ মেয়ে নাহিদা খান বলেন, তারা গ্রামের বাড়িতে থাকলেও মায়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। সন্ধ্যার পর থেকে একাধিকবার ফোন করেও মাকে না পেয়ে ছেলেকে বাড়ির নিরাপত্তাকর্মীকে ফোন করে খোঁজ নিতে বলেন।

মেয়ে নাহিদা খান বলেন, “নিরাপত্তাকর্মী ফোনে কথা বলতে বলতেই ফ্ল্যাটে গিয়ে দরজা খুলে ভেতরে মায়ের মরদেহ দেখতে পান।”

নিহতের নাতি বাঁধন জানান, কয়েক দিন আগে তার নানি একটি স্টিলের আলমারি কিনেছিলেন। ওই দোকান থেকে ফোন করে জানানো হয়েছিল, আলমারির কিছু কাজ বাকি রয়েছে। সেগুলো ঠিক করে দিতে লোক পাঠানো হবে বলে বাসার দরজা খোলা রাখতে বলা হয়েছিল।

তবে পরে দোকানের মালিকের সঙ্গে যোগাযোগ করে তারা জানতে পারেন, দোকান থেকে এমন কোনো ফোন করা হয়নি।

নিহতের দেবর বেলাল খান বলেন, সাততলা ভবনটিতে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। এতে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া কঠিন হতে পারে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল কবীর, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ওসি ফয়েজ আহমেদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad