রাজধানীতে ২৪ ঘণ্টায় আ.লীগের ১০৭ জনসহ গ্রেপ্তার ৫৩৭

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে ৫৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১০৭ জন সদস্য রয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম ও জনসংযোগ) নিয়াজ মেহেদী জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ জন সদস্য রয়েছেন।
তিনি বলেন, রাজধানীতে এক ধরনের ‘ব্লক রেইড ও চিরুনি অভিযান’ চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য এবং নাশকতায় জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে।
ডিএমপি জানায়, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযানে ৫৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ৬০টি মামলা হয়েছে।
বুধবার গভীর রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করে পুলিশ। একই রাতে উত্তরার আরেকটি বাসা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে আগের রাত থেকেই রাজধানীতে সতর্ক অবস্থানে ছিল পুলিশ।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের কর্মসূচি ও সহিংসতার ঘটনার পর রাজধানীতেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।
একই সঙ্গে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুন দেওয়ার মতো ঘটনা ঠেকাতে রাজধানীতে পুলিশি টহল এবং তল্লাশিচৌকির কার্যক্রমও জোরদার করা হয়েছে।
















