ভুয়া জন্মসনদ দিয়ে পাসপোর্ট তৈরির চেষ্টা, দুই রোহিঙ্গাসহ আটক ৪

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা বাবা-মেয়ে। কিন্তু মেয়ের জন্মনিবন্ধন সনদে পরিচয় দেওয়া হয়েছে বাংলাদেশি নাগরিক হিসেবে। ওই জন্মসনদ ব্যবহার করে দুবাই যাওয়ার জন্য পাসপোর্টের আবেদন করতে গিয়ে নেত্রকোনায় ধরা পড়েছেন কাউসার বিবি ওরফে শাহারা খাতুন (১৯) নামের এক রোহিঙ্গা নারী। এ ঘটনায় তার বাবা ও স্থানীয় দুই ব্যক্তিসহ চারজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নেত্রকোনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্টের আবেদন করতে যান কাউসার বিবি। জমা দেওয়া তথ্য ও পরিচয় নিয়ে সন্দেহ হলে বিষয়টি আগিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানোয়ার হোসেন চৌধুরীকে জানানো হয়।
পরে কাউসার বিবিকে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নেওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে তার বাবা রশিদউল্লাহ ওরফে মোহাম্মদ বদিউল আলম (৪০) এবং স্থানীয় দুই ব্যক্তি আব্দুল জলিল (৪২) ও আজিজুল হক (৩০)কে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক কাউসার বিবি ও তার বাবা রশিদউল্লাহ কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরের ৬ নম্বর ক্যাম্পের বাসিন্দা। অপর দুজন হলেন— পূর্বধলার ধলামূলগাঁও ইউনিয়নের পাঠলি গ্রামের আব্দুল জলিল এবং উপজেলা সদর ইউনিয়নের ছোট ইলাশপুর গ্রামের আজিজুল হক।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৪ নভেম্বর রেলযোগে ময়মনসিংহের গৌরীপুর হয়ে বাবা-মেয়ে পূর্বধলার ধলামূলগাঁও ইউনিয়নের পাঠলি গ্রামে আব্দুল জলিলের মাদরাসায় আসেন। এর আগে প্রায় দুই মাস আগে কাউসার বিবির জন্মসনদ করিয়ে দেওয়ার জন্য জলিল আজিজুল হকের কাছে যান। পরে আজিজুল হক আগিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা জয় ঘোষের মাধ্যমে জন্মসনদটি করিয়ে দেন বলে অভিযোগ রয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন উদ্যোক্তা জয় ঘোষ। তিনি বলেন, তিনি ওই নারীর জন্মসনদ তৈরি করেননি। ইউনিয়ন পরিষদে কাজ করা মিঠুন নামের আরেক অপারেটর সনদটি তৈরি করেছেন। বিষয়টি জানার পর তিনি আগেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবহিত করেছিলেন বলেও দাবি করেন।
জানা গেছে, মিঠুন দাসের স্ত্রী আগিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা হিসেবে কাজ করেন। তবে মিঠুন দাস কীভাবে ইউনিয়ন পরিষদে জন্মসনদ তৈরির কাজ করলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আগিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. নিজাম উদ্দিনের অনুমোদন ও স্বাক্ষর ছাড়া জন্মসনদটি সম্পন্ন হয়নি। রোহিঙ্গা আশ্রয়শিবিরের একজন বাসিন্দার নামে বাংলাদেশি পরিচয়ে জন্মসনদ অনুমোদনের আগে কী কী তথ্য ও কাগজপত্র যাচাই করা হয়েছিল, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
আবেদনকারীর প্রকৃত পরিচয় সম্পর্কে অনুমোদনকারী কর্মকর্তা অবগত ছিলেন কি না এবং কোন তথ্যের ভিত্তিতে সনদটি অনুমোদন করা হয়েছে, তা তদন্তের বিষয় বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আগিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানোয়ার হোসেন চৌধুরী জানান, বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করার চেষ্টার বিষয়টি জানার পর তিনি ওই নারীকে নেত্রকোনা থেকে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসেন। পরে ইউএনও মহোদয়ের নির্দেশে চারজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম জানান, দুই রোহিঙ্গা নাগরিক ও এ ঘটনায় জড়িত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে পূর্বধলা থানার হেফাজতে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় দুই রোহিঙ্গা নাগরিক ও স্থানীয় দুই ব্যক্তিসহ মোট চারজনকে আটক করা হয়েছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আজ শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

















