চট্টগ্রামে ২ পুলিশ বক্স ভাঙচুর-আগুন, আটক ৫

চট্টগ্রামে দুটি পুলিশ বক্সে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। নগরীর ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এবং আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহুনী এলাকায় বুধবার গভীর রাতে এসব ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। তবে সিমেন্ট ক্রসিং পুলিশ বক্সে আগুন লাগার কারণ নিয়ে পুলিশের পক্ষ থেকে ভিন্ন বক্তব্য পাওয়া গেছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাতের দিকে একদল যুবক নগরীর সিমেন্ট ক্রসিং পুলিশ বক্সে গিয়ে আগুন লাগিয়ে দেয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও ভিডিওটির সত্যতা যাচাই করা যায়নি। ইপিজেড থানার ওসি আতিকুর রহমান অবশ্য পুলিশ বক্সে কেউ আগুন লাগিয়েছে বলে মনে করেন না।
ওসি আতিকুর রহমান বলেন, পুলিশ বক্স থেকে ধোঁয়া বের হতে দেখে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা সেখানে যান। তখন একটি চেয়ারে সামান্য আগুন এবং সিলিংয়ে ধোঁয়া দেখা যায়। তিনি বলেন, “আগুন দেয়ার ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে না। রাতে বৃষ্টি হয়েছিল। প্রাথমিক ভাবে মনে হচ্ছে বৃষ্টিতে শট সার্কিট থেকে আগুনের সৃষ্টি হয়েছে। কারণ আমাদের কোন আসবাব বা কিছু পুড়েনি। তবুও আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”
অন্যদিকে, আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহুনী এলাকায় পুলিশ বক্স ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, “একদল যুবক পুলিশ বক্স ভাংচুর করে আগুন দেওয়ার চেষ্টা করেছিল। আমরা ধাওয়া করে ঘটনাস্থল ও আশেপাশে থেকে পাঁচ জনকে আটক করেছি।” এ ঘটনায় পাঁচজনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।
এর আগে মঙ্গলবার গভীর রাতে চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকায় একটি পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর পরদিন বুধবার গভীর রাতে সিমেন্ট ক্রসিং ও আনোয়ারার চাতুরী চৌমুহুনী এলাকায় পুলিশ বক্স ঘিরে আগুন ও ভাঙচুরের খবর পাওয়া যায়।













