‘বিতর্কিত’ পলাতকরা সীমান্ত পেরোলেই গ্রেপ্তার: ময়মনসিংহ বিজিবি সেক্টর কমান্ডার

কোনো বিতর্কিত পলাতক বা ফেরারি আসামি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন বিজিবির ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ নাসির উদ্দিন।
সোমবার (২৩ নভেম্বর) সকালে ময়মনসিংহ সেক্টর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরতে গিয়ে তিনি এ কথা বলেন। কর্নেল মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, “আমি স্পষ্ট করে বলতে চাই, কোনো বিতর্কিত পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে।”
বিজিবির তথ্য অনুযায়ী, ময়মনসিংহ সেক্টরের অধীনে ২৪২ দশমিক ৫ কিলোমিটার সীমান্তের নিরাপত্তায় তিনটি ব্যাটালিয়ন দায়িত্ব পালন করছে। সীমান্তে নজরদারি বাড়াতে সিসিটিভি ক্যামেরা, সার্চলাইট, নাইট ভিশন ডিভাইস ও ড্রোন ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত টহলও জোরদার করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে ১১টি ঘটনায় ১৪১ জনের পুশইন প্রতিহত করেছে বিজিবি। এ ছাড়া চারজন মানব পাচারকারীকে আটক এবং পাচারের শিকার হতে যাওয়া ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ৭০ জনকেও আটক করে আইনের আওতায় আনা হয়েছে।
সীমান্ত নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবির অবস্থান তুলে ধরে সেক্টর কমান্ডার বলেন, “বাংলাদেশের সীমান্ত দিয়ে যেকোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন অবৈধভাবে ঢুকতে বা বের হতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে।”
তিনি আরও বলেন, “দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা আর মানুষের জানমাল রক্ষায় আমরা পেশাদারিত্ব এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছি। সীমান্তে যেকোনো অবৈধ তৎপরতা ঠেকাতে আমাদের নজরদারি এবং অভিযান চলমান থাকবে।”
বিজিবির এই কর্মকর্তা বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, চোরাচালান এবং রাষ্ট্রবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী, ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলো চিহ্নিত করে সেখানে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে। সীমান্ত আধুনিকায়ন কার্যক্রমের অংশ হিসেবে প্রতিটি বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) দায়িত্বপূর্ণ এলাকাতেও নজরদারি বাড়ানো হয়েছে।
















