রোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজের রায় প্রত্যাখ্যান মিয়ানমার প্রেসিডেন্টের

মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর ২০১৭ সালে সংঘটিত গণহত্যার দায়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ের একাংশ প্রত্যাখ্যান করেছেন দেশটির প্রেসিডেন্ট ও জান্তা নেতা মিন অং হ্লাইং। বলেছেন, রায়ের যেসব নির্দেশনা মিয়ানমারের কাছে ‘অগ্রহণযোগ্য’ মনে হবে, সেগুলো বাস্তবায়ন করা হবে না।
বিবিসি খবরে বলা হয়েছে, গত সপ্তাহে আইসিজের ঐতিহাসিক রায়ের পর এই প্রথম প্রকাশ্যে প্রতিক্রিয়া জানালেন মিয়ানমারের প্রেসিডেন্ট। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে তার বক্তব্য প্রকাশ করা হয়েছে।
জান্তা নেতা মিন অং হ্লাইং বলেন, একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে মিয়ানমার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তবে যেসব শর্তকে অনুপযুক্ত মনে হবে, সেগুলো মানবে না। তবে আইসিজের রায়ের ঠিক কোন কোন নির্দেশনা মিয়ানমার প্রত্যাখ্যান করতে চায়, তা স্পষ্ট করেননি তিনি।
মিন অং হ্লাইং আরও বলেন, ‘গণহত্যা’ শব্দটি মিয়ানমারের ভাবমূর্তির ওপর গুরুতর প্রভাব ফেলেছে।
গত সপ্তাহে আইসিজে রায়ে জানায়, ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযান ১৯৪৮ সালের গণহত্যা সনদের লঙ্ঘন। আদালতের হিসাবে, ওই অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়। প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসেন সাত লাখের বেশি মানুষ। সব মিলিয়ে প্রায় ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গা কোনো না কোনোভাবে ওই অভিযানের লক্ষ্যবস্তু হয়েছিলেন।
গাম্বিয়ার করা মামলায় দেওয়া রায়টি ৯-৬ ভোটে গৃহীত হয়। এতে গণহত্যা সনদের আরও কয়েকটি ধারা লঙ্ঘনের দায়েও মিয়ানমারকে দায়ী করা হয়েছে। রায়ে ক্ষতিগ্রস্তদের আনুপাতিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হলেও এর পরিমাণ পরে নির্ধারণের কথা বলা হয়েছে। পাশাপাশি গণহত্যা সনদের লঙ্ঘন বন্ধ এবং অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে আদালত।
বিধি অনুযায়ী, আইসিজের এই রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। তবে আইসিজের নিজস্ব কোনো বলপ্রয়োগকারী ব্যবস্থা না থাকায় নির্দেশনা বাস্তবায়ন নির্ভর করছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক রাজনৈতিক চাপের ওপর।
২০১৯ সালে গাম্বিয়া মামলাটি দায়ের করে। মিয়ানমার বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, ২০১৭ সালে রাখাইনে সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাব দিতেই সামরিক অভিযান চালানো হয়েছিল।
২০২১ সালে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেন মিন অং হ্লাইং। এরপর থেকে দেশটিতে গৃহযুদ্ধ চলছে এবং সামরিক সরকারের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে।
আন্তর্জাতিক অঙ্গনে বিচ্ছিন্নতা কাটিয়ে ওঠার চেষ্টা করলেও আইসিজের এই রায়ের পর মিয়ানমারের ওপর নতুন করে কূটনৈতিক চাপ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। যুক্তরাজ্য এরই মধ্যে দেশটির সামরিক বাহিনীর কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে।

-c63a26.jpg)















