সাভার-আশুলিয়ায় ১০ কারখানায় কর্মবিরতি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ২২টি

সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে বৃহস্পতিবার শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ কিংবা সড়ক অবরোধের ঘটনা ঘটেনি। তবে কর্মস্থলে উপস্থিত হয়েও কাজে যোগ না দেওয়ায় ১০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অন্যদিকে, শ্রমিক অসন্তোষের কারণে ১৩(১) ধারায় ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।
শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে সাভার ও আশুলিয়ার প্রায় সব পোশাক কারখানার শ্রমিকেরা নির্ধারিত সময়ে কর্মস্থলে পৌঁছে স্বাভাবিকভাবে কাজ শুরু করেন। তবে আশুলিয়ার নিশ্চিন্তপুর থেকে ছয়তলা এলাকার মধ্যবর্তী ১০টি কারখানার শ্রমিকেরা কাজে যোগ দেননি। কর্মস্থলে উপস্থিত হয়ে তাঁরা কারখানার ভেতরে বসে কর্মবিরতি পালন করেন। পরে কর্তৃপক্ষ এসব কারখানায় দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে।
এদিকে, শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ার বিভিন্ন এলাকায় ১৩(১) ধারায় ২২টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। কর্তৃপক্ষ এসব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। শ্রমিকদের ভাষ্য, কারখানাগুলোতে অসন্তোষের কারণ শুধু ন্যূনতম মজুরি নয়, বরং আরও নানা ধরনের সমস্যা রয়েছে। কারখানাভেদে সমস্যার ধরন আলাদা হওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিচ্ছে।
শ্রমিকেরা জানান, বিভিন্ন কারখানার সমস্যা ভিন্ন হওয়ায় কোথাও কোথাও শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন। এসব অসন্তোষের কারণে কয়েকটি কারখানায় কাজ বন্ধ রাখার পরিস্থিতি তৈরি হয়েছে। তবে বৃহস্পতিবার শিল্পাঞ্চলের সামগ্রিক পরিস্থিতি শান্ত ছিল এবং কোথাও বিক্ষোভ হয়নি বলে জানিয়েছে পুলিশ।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, বৃহস্পতিবার সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে পরিস্থিতি শান্ত ছিল। কোথাও বিক্ষোভের ঘটনা ঘটেনি। তিনি জানান, ১৩(১) ধারায় ২২টি কারখানা বন্ধ রয়েছে। পাশাপাশি ১০টি কারখানার শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হলেও কাজে যোগ দেননি। পরে তারা কারখানা থেকে বের হয়ে যান।













