মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার

বেসরকারি টেলিভিশন চ্যানেল মোহনার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তসলিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর পল্লবী থানা-পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
আজ বৃহস্পতিবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। তবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা বিস্তারিত জানায়নি পুলিশ।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার প্রচারকে কেন্দ্র করে মিরপুর এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টায় তসলিম চৌধুরীর সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।
পুলিশের দাবি, মিরপুরের ১০ ও ১১ নম্বর এলাকায় গার্মেন্টস শ্রমিকদের অর্থের বিনিময়ে সংগঠিত করে সহিংসতা, হামলা ও ভাঙচুরের পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন তসলিম চৌধুরী।
জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের অনুসারী হিসেবে পরিচিত তসলিম চৌধুরী। মিরপুরের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের আর্থিক বিষয়গুলোও তিনি দেখভাল করতেন।
কারাগারে থাকা কামাল আহমেদ মজুমদার ও তার ছেলে শাহেদ মজুমদারের সঙ্গে নিয়মিত দেখা করতেন তসলিম চৌধুরী। গত সোমবার কেরানীগঞ্জ কারাগারে গিয়ে সর্বশেষ তাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
উল্লেখ্য, তসলিম চৌধুরী দীর্ঘদিন মোহনা টেলিভিশনের শীর্ষ ব্যবস্থাপনায় যুক্ত ছিলেন। চ্যানেলটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।














