ঈশ্বরগঞ্জে মারধরে মায়ের মৃত্যুর অভিযোগ, ছেলে ও পুত্রবধূ পলাতক

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে ছেলের মারধরে মিনারা বেগম (৬৫) নামে এক মায়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে কামরুল (৪০) ও পুত্রবধূ নিলুফা বেগমের (৩৫) বিরুদ্ধে মারধরে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। মিনারা বেগমের মৃত্যুর পর থেকে অভিযুক্ত দুজন পলাতক রয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর পাঁচটার দিকে উপজেলার পৌর শহরের কাকনহাটি মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত মিনারা বেগম ওই গ্রামের অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রয়াত শিহাব উদ্দিনের স্ত্রী। নিহতের মেয়ে শাহানারা বেগম চায়না জানান, সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে কামরুল ও তাঁর স্ত্রী প্রায়ই তাঁর মাকে মারধর করতেন।
শাহানারা বেগম জানান, সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তাঁর মাকে মারধর করেন কামরুল ও নিলুফা। এরপর তাঁকে ও তাঁর মাকে একটি ঘরে আটকে রাখা হয়। আহত মায়ের শারীরিক অবস্থার অবনতি হলে তিনি মামা আল আমিনকে খবর দেন। পরে আল আমিন ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করেন।
স্বজনদের সূত্রে জানা গেছে, অসুস্থ মিনারা বেগমকে সোমবার রাত ১২টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে মঙ্গলবার ভোর পাঁচটার দিকে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হলে একই হাসপাতালে নেওয়া হয়। এ সময় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।














