সাতকানিয়ায় ২২ রোহিঙ্গা আটক, কাজ নিয়েছিলেন ইটভাটায়

চট্টগ্রামের সাতকানিয়ার দুই ইউনিয়নে অভিযান চালিয়ে ২২ জন রোহিঙ্গাকে আটক করেছে উপজেলা প্রশাসন। তারা তারা কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে সেখানে গিয়ে ইটভাটায় কাজ নিয়েছিলেন।
শুক্রবার (২৮ নভেম্বর) রাতে সাতকানিয়ার ছদাহা ও কেওচিয়া ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উপজেলা প্রশাসনকে অভিযানে সহায়তা করে সেনাবাহিনী ও আনসার।
সাতকানিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, ছদাহা ইউনিয়ন থেকে ১০ জন ও কেওচিয়া ইউনিয়ন থেকে ১২ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। ১৫ দিন আগে তারা সাতকানিয়া এসেছিলেন। সাতকানিয়া থানার মাধ্যমে তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হবে।
ইউএনও জানান, গত ১৫ নভেম্বরও সাতকানিয়া পৌর এলাকা থেকে আরও আটজন রোহিঙ্গাকে আটক করা হয়েছিল। তারা মৌসুমি শ্রমিক হিসেবে সাতকানিয়া উপজেলায় এসে বিভিন্ন স্থানে কাজ করছেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সাতকানিয়া উপজেলার বিভিন্ন ইটভাটায় রোহিঙ্গারা শ্রমিক হিসেবে কাজ করছেন। ইউএনও জানিয়েছেন, স্থানীয় ইটভাটার মালিকদের সঙ্গে শিগগিরই এ বিষয়টি নিয়ে বৈঠক করবে প্রশাসন।















