ওয়াজ মাহফিল থেকে মাদরাসাছাত্রকে অপহরণ, মসজিদের ইমাম গ্রেপ্তার

জামালপুরের মেলান্দহে ওয়াজ মাহফিল থেকে ১০ বছর বয়সী এক মাদরাসাছাত্রকে অপহরণ করে ১৫ দিন আটকে রাখার অভিযোগে এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুটিকে মুক্তি দেওয়ার বিনিময়ে তার বাবার কাছ থেকে ৪৫ হাজার টাকা আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
গ্রেপ্তার আবু রায়হান (২৭) জামালপুর সদর উপজেলার পাথালিয়া এলাকার আবুল কাশেমের ছেলে। তিনি সরিষাবাড়ী উপজেলার চর হেলেঞ্চাবাড়ী এলাকার একটি মসজিদে ইমামতি করতেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক।
পুলিশ জানায়, গত ৭ নভেম্বর রাতে মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চবিদ্যালয় মাঠের পাশে মেলান্দহ জামিয়া হুসাইনিয়া মাদরাসার উদ্যোগে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। সেখানে গিয়েছিল শিশুটি। মাহফিল শেষে এলাকার অন্যরা বাড়ি ফিরলেও সে আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে পরদিন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা নুরনবী ইসলাম।
ওসি এটিএম মাহমুদুল হক বলেন, লাইট কিনে দেওয়ার কথা বলে শিশুটিকে মাহফিল থেকে বাইরে নিয়ে যান আবু রায়হান। পরে সরিষাবাড়ীর চর হেলেঞ্চাবাড়ী এলাকার একটি মসজিদে তাকে আটকে রাখেন। শিশুটিকে ছেড়ে দেওয়ার বিনিময়ে প্রথমে তার বাবার কাছে দুই লাখ টাকা দাবি করেন আবু রায়হান। পরে দর-কষাকষির পর ৪৫ হাজার টাকা দিতে রাজি হন নুরনবী।
গত ১৯ নভেম্বর বিকাশের মাধ্যমে দুই দফায় ২৫ হাজার ও ২০ হাজার টাকা পাঠান শিশুটির বাবা। তবে টাকা পাওয়ার পরও শিশুটিকে মুক্তি দেওয়া হয়নি। বরং তাকে নির্যাতন করা হয় বলে অভিযোগ রয়েছে।
পরে শনিবার ভোর চারটার দিকে শিশুটিকে জামালপুর রেলওয়ে স্টেশনে রেখে তার বাবাকে ফোন করেন আবু রায়হান। খবর পেয়ে স্টেশন থেকে ছেলেকে বাড়িতে নিয়ে যান নুরনবী।
শিশুটির দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার বিকেলে সরিষাবাড়ীর চর হেলেঞ্চাবাড়ী এলাকা থেকে আবু রায়হানকে আটক করেন তার স্বজনরা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা মেলান্দহ থানায় অপহরণের মামলা করেছেন।
ওসি এটিএম মাহমুদুল হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু রায়হান ঘটনার দায় স্বীকার করেছেন। তার বিরুদ্ধে চলতি বছর ঢাকার বাড্ডা থানায়ও একটি অপহরণ মামলা রয়েছে।

















