চট্টগ্রামে সার্ভিয়ার ৫ হাজার জাল ভিসাসহ ট্রাভেল এজেন্সির মালিক গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে পাঁচ হাজার জাল ভিসা, ভিসা তৈরির সরঞ্জাম ও ১৭টি বাংলাদেশি পাসপোর্টসহ আব্দুল মাবুদ (৫৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ঢাকায় একটি ট্রাভেল এজেন্সির মালিক। বিদেশে পাঠানোর নামে জাল ভিসা ব্যবহার করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে এখন পর্যন্ত কোনো ভুক্তভোগী পুলিশের সঙ্গে যোগাযোগ করেননি।

রোববার নগরীর টেরিবাজার এলাকায় একটি ভবনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টেরিবাজার বাই লেইন কাটাপাহাড় এলাকার বদরউদ্দিন মার্কেটের পঞ্চম তলার একটি কক্ষে অভিযান চালানো হয়। সেখান থেকেই আব্দুল মাবুদকে গ্রেপ্তার করা হয়েছে।

পরিদর্শক ইকবাল হোসেন বলেন, “এসময় তার কাছ থেকে সার্বিয়ার পাঁচ হাজার জাল স্টিকার ভিসা ও ভিসার কাগজ এবং ১৭টি বাংলাদেশি পাসপোর্ট জব্দ করা হয়েছে।” তিনি জানান, মাবুদের বিরুদ্ধে ঢাকার বিমান বন্দর থানায় প্রতারণা ও পাসপোর্ট আইনে একটি মামলা রয়েছে। এ ছাড়া রোববার চট্টগ্রামের কোতোয়ালী থানায় তাঁর বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে।

পুলিশের ধারণা, ঢাকার মগবাজারে আয়েশা ট্রাভলস অ্যান্ড টুরিজম নামে প্রতিষ্ঠান পরিচালনা করেন মাবুদ। এ প্রতিষ্ঠান ব্যবহার করে বিদেশ পাঠানোর কথা বলে জাল ভিসার মাধ্যমে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন তিনি। পরিদর্শক ইকবাল বলেন, “ঢাকার মগবাজারে আয়েশা ট্রাভলস অ্যান্ড টুরিজম নামে মাবুদের একটি প্রতিষ্ঠান আছে। আমাদের ধারণা, তিনি বিদেশ পাঠানোর নামে জাল ভিসা নিয়ে লোকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নেন।”

রোববার বিকালেই মাবুদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর কথা জানান পরিদর্শক ইকবাল। তিনি বলেন, “এখন পর্যন্ত আমাদের সাথে কোনো ভিকটিম যোগাযোগ করেনি। মানুষের কাছ থেকে টাকা নিয়ে কীভাবে সে প্রতারণা করে, সেটি তদন্ত করে দেখা হবে।”

তার বিরুদ্ধে ওঠা প্রতারণার অভিযোগের বিষয়ে তদন্ত করে বিস্তারিত জানার কথা জানিয়েছে পুলিশ।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad