রাজধানীর হাজারীবাগে বিস্ফোরণ: নারী নিহত, আহত ২

রাজধানীর হাজারীবাগের বটতলা মাজার এলাকার একটি বাসায় বিস্ফোরণে পারভিন বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার মেয়ে ফাতেমা আক্তার উর্মি (২১) ও খালাতো বোন ফরিদা বেগম (৫০) আহত হয়েছেন।
রোববার বিকেল সাড়ে ৫টার দিকে ছয়তলা একটি ভবনের দ্বিতীয় তলায় এ বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণে পারভিন বেগম ঘটনাস্থলেই মারা যান। আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ফরিদা বেগমকে হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদিকে কপালে আঘাত পাওয়া উর্মির চিকিৎসা চলছে জরুরি বিভাগে। আহতদের মধ্যে ফরিদার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন হাসপাতাল সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা।
ফাতেমা আক্তার উর্মি জানান, তারা হাজারীবাগের বটতলা এলাকার ওই ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় থাকেন। বিস্ফোরণের সময় তিনি বাসায় ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে এসে দেখেন, তাদের বাসার দেয়ালের একাংশ ভেঙে গেছে। একই সঙ্গে জানালার কাচও ভেঙে ছড়িয়ে পড়ে।
উর্মির ভাষ্য অনুযায়ী, ঘটনার আগে ঘরের ভেতরে কেউ একজন ব্লেন্ডার মেশিন চালু করেছিলেন। সেটি চালু করার পরপরই বিস্ফোরণ ঘটে। তবে কী কারণে বিস্ফোরণ হয়েছে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি। বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, হাজারীবাগে বিস্ফোরণে ফরিদা বেগম গুরুতর আহত ও দগ্ধ হয়েছেন। তাকে হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদিকে কপালে আঘাত পাওয়া উর্মির চিকিৎসা চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে।














