ডিসেম্বরে ‘বিতর্কিত’ ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক

ডিসেম্বর মাসে বিতর্কিত কেউ যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে জন্য সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। একই সঙ্গে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও বিস্ফোরক প্রবেশ ঠেকাতেও নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান তিনি।
রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিজিবি মহাপরিচালক। এর আগে বিকেল সাড়ে তিনটার দিকে হেলিকপ্টারে আখাউড়ার হীরাপুর স্কুল মাঠে অবতরণ করেন তিনি। আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, সারা দেশের সীমান্ত পাহারা দেওয়া বিজিবির দায়িত্ব। চোরাচালান প্রতিরোধের পাশাপাশি অবৈধ পথে দুই দিকের যাতায়াত বন্ধ রাখাও বাহিনীটির দায়িত্ব।
সীমান্ত নিরাপত্তা জোরদারের বিষয়ে বিজিবি মহাপরিচালক বলেন, ‘তারই অংশ হিসেবে সীমান্তের নিরাপত্তা (জোরদার করা হয়েছে), বিশেষ করে এই ডিসেম্বর মাসে... কোনো ধরনের অবৈধ ব্যক্তি যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, বিতর্কিত কেউ বাংলাদেশে প্রবেশ করতে না পারে এবং একই সঙ্গে আবার এদিক থেকে কেউ যেতে না পারে। পুশ ইন যেন ঠেকানো যায়, মাদক ঠেকানো যায়, কোনো অস্ত্র–বিস্ফোরক এগুলো যেন না আসতে পারে।’ তিনি জানান, এ উদ্দেশ্যে ফেনী, কুমিল্লা ও আখাউড়া সীমান্ত এলাকা পরিদর্শন করছেন।
আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, সীমান্তের নিরাপত্তা জোরদার করা হয়েছে, যাতে সরকারের নির্দেশনা পালন এবং দেশ ও জাতির প্রত্যাশা পূরণ করা যায়। সীমান্তের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করার বিষয়টি সরেজমিনে দেখতে তিনি এসব এলাকা পরিদর্শন করছেন। এ সময় স্থানীয়দের সহযোগিতা চেয়ে তিনি বলেন, ‘আপনারা স্থানীয় যারা আছেন, আপনাদের কাছে অনেক তথ্য থাকে। কোনো তথ্য যদি পান কারও আসার বা যাওয়ার, সেটা আমাদেরকে জানাবেন। বিজিবিকে জানালে সেটা আমরা সেভাবে ব্যবস্থা নিয়ে যাতে বন্ধ করা যায়, সেটা নিশ্চিত করতে পারব, ইনশা আল্লাহ।’
পরিদর্শনকালে বিজিবির আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম, সরাইল সেক্টর কমান্ডার কর্নেল রাকিব হাসান, ২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।













